হবিগঞ্জের নির্যাতিত তরুণী আসকের হেফাজতে
হবিগঞ্জের সেই তরুণী মারজিয়া খানমকে (১৮) তাঁর বাবা আশ্বব আলী দুই সহযোগী নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী ও সদস্যরা তাঁকে রক্ষা করেন। বর্তমানে মারজিয়া আসকের হেফাজতে রয়েছেন। অন্যায় কাজে বাধা দেওয়ায় গত ২৯ জুন মারজিয়াকে মারধর করে হাসপাতালে পাঠান আশ্বব ও তাঁর দুই সঙ্গী। মারজিয়ার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বড়গাঁও গ্রামের আশ্বব প্রায়ই বাড়িতে তাঁর বন্ধুবান্ধব নিয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতেন। এ নিয়ে গ্রামের সালিস বৈঠকে তাঁর শাস্তিও হয়। গত ২৯ জুন আশ্বব ও তাঁর দুই বন্ধু এক নারীকে নিয়ে বাড়িতে গেলে এ অন্যায়ের বাধা হয়ে দাঁড়ান মারজিয়া। একপর্যায়ে আশ্বব এবং একই গ্রামের মোস্তাক আহমেদ ও লেবু মিয়া মারজিয়াকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। মারজিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু-তিন দিন চিকিৎসার পর তাঁকে ঢাকার ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান আত্মীয়স্বজন। খবর পেয়ে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও আসকের সঙ্গে যোগাযোগ করে। পরে আসকের সহায়তায় মারজিয়ার ভাই আবদুল আলী বাদী হয়ে তাঁর বাবা আশ্বব ও মোস্তাক, লেবুসহ চারজনকে আসামি করে ৪ জুলাই হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলার বাদী আবদুল আলী বলেন, ‘আমার বোনকে অভিযুক্তরা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন।’ এদিকে গত বৃহস্পতিবার আশ্বব ও তাঁর দুই সঙ্গী ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার ইউনাইটেড হাসপাতালে গিয়ে মারজিয়াকে জোর করে নিয়ে আসার চেষ্টা করেন। ঠিক এ সময় আসকের আইনজীবী রওশন জাহান ও তাঁর দুজন সদস্য হাসপাতালে মারজিয়াকে দেখতে যান। তাঁরা (আসকের আইনজীবী ও সদস্য) এ দৃশ্য দেখে প্রতিবাদ করেন। পরে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তা চান। রক্ষা পান মারজিয়া। পালিয়ে রক্ষা পান আশ্ববসহ ওই দুই লোক। আইনজীবী রওশন জাহান বলেন, মারজিয়া বর্তমানে তাঁদের তত্ত্বাবধানে রয়েছেন।