হবিগঞ্জের বছিরা নদীর বাঁধে ফাটল আতঙ্কিত ২০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বছিরা নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে বাঁধের একটি অংশে ফাটল দিয়ে অনবরত পানি প্রবেশ করছে। যেকোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ওই দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বছিরা নদীর উত্তর তীরের বাঁধের প্রায় ১৫ হাত জায়গা নিয়ে গতকাল শুক্রবার দুপুরে ফাটল দেখা দেয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ফাটল দিয়ে হাওরে পানি প্রবেশ করছে। আজমিরীগঞ্জ ও তার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কয়েক হাজার হেক্টর জমির বোরো আমন তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। পাশাপাশি বাঁধের পাশের প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম সরেজমিনে বাঁধটি পরিদর্শন করেন। ইউএনওকে এলাকাবাসী জানান, বছিরা নদীর এ বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদার ইকবাল তালুকদার সঠিক সময়ে এর কাজ না করায় বাঁধে ফাটল দেখা দিয়েছে।তবে ঠিকাদার এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি পুরো কাজ সম্পন্ন করেছেন অনেক আগেই। তাঁর নির্মাণাধীন জায়গায় কোনো ফাটল দেখা দেয়নি। এ সময় প্রত্যক্ষদর্শী কৃষক সুফি মিয়া জানান, যদি এভাবে পানি প্রবেশ করতে থাকে, তাহলে পুরো বাঁধটি যেকোনো সময় ভেঙে যেতে পারে।হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম জানান, তাঁরা খবর পেয়েছেন, নিচু এলাকা হওয়ার কারণে বাঁধ উপচে পানি আসছে। মাতাবপুর এলাকায় ভাঙন দেখা দিলে তাঁরা তা মেরামত করেন। পানি প্রবেশ করলেও তেমন ক্ষতি হবে না বলে তিনি জানান। কারণ, কৃষকেরা আগেই ওই এলাকার ধান কেটে নিয়েছেন বলে দাবি করেন নির্বাহী প্রকৌশলী।