হবিগেঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকায় গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার ওই সব এলাকার ক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় তাঁদের হামলায় বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের গোসাইনগর এলাকায় বৃহস্পতিবার রাতে একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে শহরের শ্যামলী, উত্তর শ্যামলী, পুরান মুন্সেফী আবাসিক এলাকা, গোসাইপুর ও গোসাইনগরসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে ওই সব এলাকার ক্ষুব্ধ গ্রাহকেরা গতকাল দুপুরে ও বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা সদরে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করেন। বৃহস্পতিবার রাতে হামলার সময় গ্রাহকেরা মহিদুর রহমান (৩০) নামের এক কর্মচারীকে মারধর করেন। তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পিডিবির হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছেন।