হবু বরকে বেঁধে তরুণীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে খালার কাছে বড় হয়েছেন তিনি। কাজ করেন একটি পোশাক কারখানায়। আসন্ন পবিত্র রমজান মাসের পর বিয়ে। সব ঠিকঠাক। তাঁর হবু বর পূর্বপরিচিত। চাকরি করেন একটি বিপণিকেন্দ্রে। ঘর বাঁধার স্বপ্নে আনন্দে দিন কাটছিল দুজনের। কিন্তু তরুণীটির সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হবু বরকে গাছের সঙ্গে বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
ওই তরুণী (১৮) বলেন, চট্টগ্রাম নগরের খুলশী থানার পলিটেকনিক কলেজ হোস্টেলের মাঠে ১৭ মে রাতে তিনি ধর্ষণের শিকার হন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিয়েছেন।
ধর্ষণের অভিযোগে ২৩ মে খুলশী থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন ওই তরুণী। এ মামলার প্রধান আসামি মিনহাজসহ দুজনকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য যুবকের নাম রাজা।
ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়েছেন। নাসিরাবাদ এলাকার খালার বাসায় নিজেকে সারাক্ষণ গুটিয়ে রাখেন। তিনি কাজ করেন নগরের কালুরঘাটের একটি পোশাক কারখানায়। কিন্তু এখন কর্মস্থলে যান না, ঘরেই থাকেন সারাক্ষণ।
গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, তিনি ১৭ মে রাত আটটার দিকে কর্মস্থল থেকে গাড়িতে করে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় নামেন। এরপর সেখান থেকে তাঁর হবু বরকে নিয়ে রেললাইনের কাঁচা বাজার ধরে হাঁটতে হাঁটতে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। একপর্যায়ে তুলাতলী এলাকায় সাত-আটজন যুবক তাঁদের পথরোধ করে। এরপর দুজনকে ধরে টেনেহিঁচড়ে পলিটেকনিক কলেজ ছাত্রাবাসের মাঠে নিয়ে যায়। সেখানে তাঁর হবু বরকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে মিনহাজ তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার চেঁচামেচিতে তাঁদের ফেলে পালিয়ে যায় ওই যুবকেরা।
মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল কবির বলেন, ‘আমরা এখনো ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাইনি। তবে মেয়েটি যে ধর্ষণের শিকার হয়েছেন, সেটা সত্য। গ্রেপ্তার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’