হবু বরের বাড়ি দেখতে গিয়ে তরুণী গণধর্ষণের শিকার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের চর মকছুদুল এলাকায় হবু বরের বাড়ি দেখতে গিয়ে এক তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন।
গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় পাঁচ বখাটে ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে।
খবর পেয়ে গতকাল রোববার সকালে সুবর্ণচরের চরজব্বার থানা-পুলিশ ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে এবং তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহেদ ওরফে রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মকিমপুর এলাকায়। একই উপজেলার সোনাপুর এলাকায় বসবাসকারী জমিরউদ্দিন নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার জের ধরে ওই যুবক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন।
তরুণী গত শনিবার জমিরের সঙ্গে তাঁর গ্রামের বাড়ি দেখতে সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের চর মকছুমুল গ্রামে যান। রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকার পাঁচ বখাটে অতর্কিতে ওই বাড়িতে হামলা চালায়। বখাটেরা জমিরকে মারধর করে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে নিয়ে ধর্ষণ করে। এ সময় জমির ও তাঁর পরিবারের সদস্যরা বহু চেষ্টা চালিয়েও যুবকদের হাত থেকে তরুণীকে রক্ষা করতে ব্যর্থ হন।
এ ঘটনার পর জমির ও ধর্ষণের শিকার তরুণী স্থানীয় লোকজনকে ঘটনা জানালে তাঁরা বিষয়টি থানায় অবহিত করেন। এরপর গতকাল সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে মো. শাহেদ ওরফে রানাকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে তরুণী বাদী হয়ে গতকাল রোববার শাহেদসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন ইমাম উদ্দিন, মো. সাইফুল, নূর ইসলাম ও আলী উদ্দিন। এর মধ্যে প্রধান আসামি শাহেদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির। প্রথম আলোকে তিনি বলেন, যে ছেলের সঙ্গে ভিকটিমের বিয়ে হওয়ার কথা হয়েছিল, উভয় পরিবারের সমঞ্চতিতে তাঁর সঙ্গে বিয়ের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।