হবু মার্কিন আন্ডার সেক্রেটারি ঢাকায় আসছেন
যুক্তরাষ্ট্রের রাজনীতি–বিষয়ক পরবর্তী আন্ডার সেক্রেটারি টমাস শেনন ১৩ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে দুই দেশের রাজনীতি, সুশাসন, নিরাপত্তা পরিস্থিতিসহ চলমান সম্পর্ক নিয়ে আলোচনা হবে। টমাস শেননের সফরসঙ্গী হয়ে আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার বিকেলে সফরের তথ্য নিশ্চিত করেছে।
তবে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন সন্ধ্যায় ই-মেইলে প্রথম আলোকেজানান, এই সফর নিয়ে জানানোর মতো তথ্য এ মুহূর্তে তাঁদের কাছে নেই। কোনো ঘোষণা এলে তা জানানো হবে।
মার্কিন আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে টমাস শেননের সংক্ষিপ্ত ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের কর্মকর্তারা। তাঁদের মতে, গত মাসে টিকফা কাউন্সিলের ফলপ্রসূ বৈঠকের পর আকস্মিকভাবে সফরটি হতে যাচ্ছে। ওই বৈঠকে এবং বৈঠকের পর অন্য আলোচনায় বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে। টিকফা বৈঠকের তিন সপ্তাহ পর এবং মার্কিন সিনেটে আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই বাংলাদেশে আসছেন টমাস শেনন। ছুটি কাটছাঁট করিয়ে নিশা দেশাইকে সঙ্গে আনাটা গুরুত্বের আভাস দিচ্ছে।
কর্মকর্তা পর্যায়ে দুই দেশের ফলপ্রসূ বৈঠকের মাঝে বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন সরকারের একাধিক মন্ত্রী। বিশেষ করে বিদেশি নাগরিকদের হত্যা এবং তাঁদের ওপর হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই অবস্থানের সমালোচনা করে একাধিক মন্ত্রী প্রকাশ্যে বলেছেন, আইএসের নাম দিয়ে তারা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইছে। বিভিন্ন দেশে তারা আইএস, তালেবান জঙ্গিদের মদদদাতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই প্রতিবেদককে জানান, এই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে টমাস শেননের সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।