হয় তত্ত্বাবধায়ক, নয়তো হাসিনার বিদায়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর জনসভায় খালেদা জিয়া। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
নরসিংদীর জনসভায় খালেদা জিয়া। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, ‘হয় তত্ত্বাবধায়ক সরকার দেবে, নয় হাসিনা বিদায় নেবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে আমরা নির্বাচনে অংশ নেব না। তার মানে কি এই যে হাসিনা একাই নির্বাচন করবেন? সেটাও হতে দেব না।’
আজ রোববার নরসিংদীর বালুর মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খালেদা জিয়া।
বক্তব্যের শুরুতে বৃষ্টিতে ভিজে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান খালেদা জিয়া। তিনি বলেন, সরকার কোনো উন্নয়ন করেনি। লুটপাট আর দুর্নীতি করেছে। তাই তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। কারণ ক্ষমতায় থাকলে সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। বক্তব্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন খালেদা জিয়া। তবে বেশির ভাগ অংশজুড়েই ছিল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন প্রসঙ্গ।
নৌকার তলা ফুটো হয়ে গেছে, কাজ হবে না
খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন হেলিকপ্টারে করে ঘুরে ঘুরে নৌকায় ভোট চান। তিনি ক্ষমতায় থেকে গত সাড়ে চার বছরে দুর্নীতি আর লুটপাট করেছেন। এই করতে করতে নৌকার তলা ফুটো হয়ে গেছে। এখন নৌকায় পানি উঠে ডুবে যাওয়ার অবস্থা। এই নৌকা দিয়ে আর কাজ হবে না।
সংবিধান থেকে তত্ত্বাবধায়ক তুললেন কেন?
বিএনপির চেয়ারপারসন বলেন, তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, তখন শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানান। তিনি তখন সংবিধানের ধার ধারেননি। গলার জোরে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেবেন না। খালেদা জিয়া বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল। তত্ত্বাবধায়ক সরকার তুলে নেওয়ার ব্যাপারে সরকার বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, মন্ত্রিপরিষদ থাকবে, তখন নাকি নির্বাচন হবে। সেটা কোনো দেশে হয় না। এ সময় তিনি জনগণের উদ্দেশে বলেন, তাহলে আপনারাই বলেন, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হতে পারে? এ সময় সবাই বলেন ‘না’। খালেদা জিয়া বলেন, সুশীল সমাজ, বিকল্পধারা, কাদের সিদ্দিকীর দল সবাই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। কিন্তু প্রধানমন্ত্রী তা মানেন না। ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন করেছেন। তিনি বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের বিল এনে জাতীয় সংসদে আইন পাস করে দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। বিরোধী দল সেই নির্বাচন চায়। বিরোধী দল কোনো অন্যায় দাবি করছে না। তিনি বলেন, জরিপে দেখা গেছে ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এখন জরিপ করলে দেখা যাবে সেটা ৯৮ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়।

১৭৩টি হরতাল করেছেন হাসিনা
খালেদা জিয়া অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ১৭৩টি হরতাল করেছেন। ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেছেন। বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন। সে তুলনায় বিএনপি অনেক কম হরতাল করেছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন
বিএনপির নেত্রী বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে অভিহিত করেন। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন ‘জি হুজুর জি হুজুর’ করবে। ক্ষমতায় না থাকলে করবে না। এ জন্যই হাসিনা
ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান। তিনি বলেন, নির্বাচন একটা খেলা। মাঠ যদি সমান না থাকে, তাহলে কি খেলা জমবে?

জনগণের টাকা যায় মন্ত্রীদের পকেটে
খালেদা জিয়া বলেন, সরকার পাঁচ বছরে দেশের জন্য কোনো কাজ করেনি। কোনো কাজ হয়নি। কোনো উন্নয়ন হয়নি। জনগণের টাকা যায় মন্ত্রী বাহাদুর, এমপিদের পকেটে। শোনা যায় অনেকে কানাডা, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন। তিনি বলেন, ‘তেনারা সব ঠিকঠাক করছেন। অবস্থা বুঝে সবাই কেটে পড়বেন।’

নতুন ধারার সরকারের জন্য অপেক্ষা করতে হবে
খালেদা জিয়া বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জোট সরকার নতুন ধারার সরকার গঠন করবে। অনেকে জানতে চান নতুন ধারার সরকার কী? কিন্তু তা জানতে হলে অপেক্ষা করতে হবে।

ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু হবে
খালেদা জিয়া বলেন, পদ্মা সেতু কী হবে? জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারের সময় হবে না। তবে হবে, আমাদের সময়ে হবে।’ তিনি বলেন, ঢাকা-মাওয়া দিয়ে একটি পদ্মা সেতু হবে আর পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে আরেকটি পদ্মা সেতু হবে।

ক্ষমতায় গেলে লোকমান হত্যার বিচার হবে
খালেদা জিয়া বলেন, নরসিংদী পৌরসভার চেয়ারম্যান লোকমানকে হত্যা করা হয়েছে। কিন্তু বিচার হয়নি। বিএনপি জোট ক্ষমতায় গেলে খুনি যে-ই হোক না কেন তাকে ধরা হবে।

মতিঝিলের হত্যাকাণ্ডের জন্য আ.লীগ কাঠগড়ায় দাঁড়াবে
খালেদা জিয়া বলেন, ডেসটিনি, শেয়ারবাজার, হল-মার্কের টাকা কোথায় গেল? ব্যাংকের টাকা কোথায় যাচ্ছে? কোনো কিছুর বিচার হচ্ছে না। তিনি বলেন, ‘মইনুদ্দিন ফখরুদ্দিন’ ছিল হাসিনার আন্দোলনের ফসল। ওই সময়ে তাঁর বিরুদ্ধে করা সব মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেননি। তিনি বলেন, সরকার ১০ টাকা কেজি চাল দেয়নি, ঘরে ঘরে চাকরি হয়নি। ৩০০ টাকার সার এক হাজার ১৬০ টাকা হয়েছে। কোথাও কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, মতিঝিলে বাতি নিভিয়ে হামলা হয়েছে। দুটি টিভির লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দিন যে গণহত্যা চালানো হয়েছে, সে জন্য আওয়ামী লীগকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।