হয়রানি ও চাঁদা দাবির প্রতিবাদে সাতকানিয়ায় অটোরিকশা ধর্মঘট
পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে গতকাল বুধবার সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালক সমিতি। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন মানুষ।
তবে পুলিশ অটোরিকশামালিকদের কাছে চাঁদা দাবি ও তাঁদের হয়রানি করার বিষয়টি অস্বীকার করেছে।
উপজেলার কেরানীহাট শাহ বকসু ফকির অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল আমিন ও সাতকানিয়া-বাঁশখালী-লোহাগাড়া ও চন্দনাইশ অটোরিকশা চালক সমিতির সভাপতি হাছান আলী অভিযোগ করেছেন, পুলিশ বিভিন্ন সময়ে চালকদের জিম্মি করে টাকা আদায় করেন। টাকা না দিলে মদ বা ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর হুমকি দেন। এ ছাড়া প্রতি অটোরিকশা থেকে মাসিক ২০০ টাকা চাঁদা দাবি করেছে পুলিশ। চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার ১৬টি অটোরিকশা থানায় নিয়ে যায় পুলিশ। হয়রানি ও চাঁদা দাবির প্রতিবাদে বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
তবে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার দাবি করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে অবৈধভাবে পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ওই সব অটোরিকশা আটক করা হয়। মাসিক চাঁদা চাওয়ার অভিযোগও সত্য নয় বলে তিনি জানান।