বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পদে পদে ভোগান্তি ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের জবাবে বিআরটিএর কর্মকর্তারা বলেছেন, আগামীকাল অফিসে এসে দেখা করলেই সমস্যার সমাধান করা হবে।
গতকাল সোমবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিআরটিএর কার্যক্রম নিয়ে গণশুনানিতে ৩৮ জন সেবাগ্রহীতা প্রায় অর্ধশত অভিযোগ তুলে ধরেন।
ড্রাইভিং লাইসেন্স পেতে গিয়ে ভোগান্তির কথা তুলে ধরেন শাহীন আলম। তিনি বলেন, ‘লাইসেন্স করতে গিয়ে অসীম নামের এক দালালের খপ্পরে পড়ি। তিনি আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। লার্নার কার্ডের জন্য প্রথমে তাঁকে ২ হাজার টাকা দিই। লার্নার পেলেও এখন পর্যন্ত লাইসেন্স পাইনি। পরে এই অভিযোগ নিয়ে বিআরটিএর এক কর্মকর্তার সাক্ষাৎ চাইলে তাঁর রুমে ঢুকতেই পারিনি।’
জালাল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, ২০১১ সালে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের জন্য কাগজ জমা দিলেও এখন কোনো ফাইলই পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘এসব হয়রানি বন্ধ হবে কবে? এ কাজের জন্য নির্ধারিত সময় কত, আমি জানতে চাই।’
সাইফুল আলম নামের একজন বলেন, ‘মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য বিআরটিএর সার্কেল-৩-এ যাই। সেখানে লিটন নামের একজন নিজেকে কর্মকর্তা পরিচয় দিয়ে তাড়াতাড়ি কাজ করে দেওয়ার কথা বলে টাকা চান। পরে বুঝি উনি দালাল। এ বিষয়ে বারবার বিআরটিএ অফিসে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি।’ তিনি অভিযোগ করেন, বিআরটিএর একশ্রেণির কর্মকর্তাই এর সঙ্গে জড়িত।
গণশুনানিতে গাড়ির মালিকানা পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য, কর্মকর্তাদের দুর্নীতি, সেবা প্রদানে অসহযোগিতা, বিআরটিএর নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল, ডিজিটাল নম্বরপ্লেট নিয়ে হয়রানি, অদক্ষ চালকদের লাইসেন্স দেওয়া এবং বিআরটিএ কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর দৌরাত্ম্যসহ প্রায় অর্ধশত অভিযোগ উঠে আসে।
অধিকাংশ অভিযোগের পরিপ্রেক্ষিতেই একই জবাব পাওয়া যায় বিআরটিএ কর্মকর্তাদের কাছ থেকে, ‘আগামীকাল অফিসে আসেন। আমাদের সঙ্গে দেখা করলে সমস্যার সমাধান করা হবে।’
এর আগে গণশুনানির উদ্বোধনী বক্তব্যে সরকারি অফিসগুলোর সেবা নিয়ে কোনো গণশুনানিতেই ভালো কথা শোনা যায়নি বলে মন্তব্য করেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। তিনি বলেন, তারা এখনো সেবাগ্রহীতাদের আস্থা অর্জন করতে পারেনি। এ পর্যন্ত ১৩টি গণশুনানির তথ্য তুলে ধরে দুদক কমিশনার বলেন, জনগণের করের টাকায় সরকারি অফিসগুলো চলে। সেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার।
বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিআরটিএর অফিসে ভোগান্তি রয়েছে। তবে অনেক সময় মিথ্যা অভিযোগ নিয়ে এসে বিআরটিএ অফিসকে হয়রানি করার নজিরও আছে। অভিযোগগুলো শোনার পর নজরুল ইসলাম বলেন, ‘আপনাদের এসব অভিযোগ নিয়ে আমরা অনেক আগে থেকেই কাজ করছি। আজ আপনাদের আয়নায় নিজেদের চেহারা দেখলাম। আপনাদের সমস্যা দূর করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’