হয়রানির অভিযোগে পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা
জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে হয়রানির অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূর্ব গোলখালী গ্রামের অরুণ কুমার হাওলাদার গত বুধবার পটুয়াখালীর বিশেষ জজ আদালতে মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালককে (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। আরজিতে বলা হয়, গলাচিপা থানার সাবেক কনস্টেবল মহিউদ্দিন মোল্লা (বর্তমানে বরগুনার তালতলী থানায় কর্মরত) গত ৩১ জুলাই বাদী ও তাঁর ভাইয়ের নামে দুটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসেন। সে সময় তাঁদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ঘুষ দাবি করেন মহিউদ্দিন মোল্লা। পরে অরুণ হাওলাদার গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খোঁজ নিয়ে জানতে পারেন, দুটি পরোয়ানাই জাল। আদালতের তদন্তে পরোয়ানা দুটি জাল প্রমাণিত হওয়ায় বিচারক মো. শিহাবুল ইসলাম গত ২৪ নভেম্বর পটুয়াখালীর পুলিশ সুপারকে (এসপি) বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অরুণ হাওলাদার অভিযোগ করেন, প্রতিপক্ষের প্ররোচনায় মহিউদ্দিন মোল্লা জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করেছেন। এরপর মহিউদ্দিন মোল্লা ভয় দেখিয়ে তাঁকে ও তাঁর ভাই ধীরেনকে বিভিন্নভাবে হয়রানি করেন।
এ ঘটনায় গত ৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘জাল পরোয়ানায় হয়রানির চেষ্টা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।