হয়রানির অভিযোগে র্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় র‌্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আইনজীবী শিরিন সরকার। গতকাল বৃহস্পতিবার নগরের মুন্সেফ কোয়ার্টার এলাকায় ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে তাঁর (শিরিন) স্বামীর বিরুদ্ধে র‌্যাবের করা তিনটি মামলা প্রত্যাহারসহ দায়ী র‌্যাব সদস্যদের বিচারের দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসী র‌্যাবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনজীবী শিরিন সরকার বলেন, ‘কুমিল্লা নগরের বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের বাসিন্দা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আবু মো. নওশাদ আমার স্বামী। ২২ জুলাই রাত সোয়া ১০টায় র‌্যাবের একটি দল আমাদের বাসা ঘেরাও করে। তারা ঘরে প্রবেশ করে বাসার লোকজনকে একটি কক্ষে জড়ো করে। এরপর সবার মুঠোফোন জব্দ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে র‌্যাব দাবি করে, বাসার একটি শোবার ঘর থেকে একটি রিভলবার ও দুই প্যাকেট ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ওই সময়ে আমি র‌্যাবকে চ্যালেঞ্জ করে বলি, আমার স্বামীকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে অস্ত্র ও ইয়াবা রাখা হয়েছে। র‌্যাবের সদস্যরা আমার স্বামীকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাত একটায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে নওশাদকে ছেড়ে দিয়ে চলে যায় র‌্যাব। র‌্যাব গত বুধবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা করে। অস্ত্র ও মাদক আইনের এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় কাজী নওশাদ ও কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।’

 সংবাদ সম্মেলনে শিরিন সরকার দাবি করেন, কাজী নওশাদের প্রতিবেশী অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান ওই এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে প্রাপ্ত ভূমির সঙ্গে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করেন। এই রাস্তা ২০টি পরিবারের যৌথ মালিকানার। কিন্তু ওই সেনা কর্মকর্তা তাঁর শ্বশুর কাজী মশিউর রহমানের নামে রাস্তাটির নামকরণ করে ফলক স্থাপন করেন। কাজী নওশাদ এলাকাবাসীর পক্ষে এর প্রতিবাদ করলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খানের সঙ্গে মতবিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে র‌্যাব নওশাদকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, স্থানীয় বাসিন্দা বদিউল আলম, কামরুল হাসান পাটোয়ারী, মোশারফ হোসেন প্রমুখ। আইনজীবী শিরিন সরকার আরও বলেন, ‘র‌্যাবের ভয়ে পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বাধ্য হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের বিরুদ্ধে জিডি করেছি।’

জানতে চাইলে র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহেদ আহমেদ গতকাল বলেন, ‘র‌্যাবের বিরুদ্ধে ওই নারী আইনজীবী ভিত্তিহীন অভিযোগ করেছেন। র‌্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই ওই সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে আমাদের বক্তব্য দেওয়া হবে।’