হরকাতুল জিহাদের নামে চাঁদা দাবি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ রঞ্জন রায়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি দিয়েছে ইসলামি জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ।চিঠি পাওয়ার পরপরই অধ্যক্ষ গত বৃহস্পতিবার দুপচাঁচিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা গত শনিবার দুপুরে বিষয়টি তদন্ত করেছেন।অধ্যক্ষ জানান, তিনি ১৫ নভেম্বর কলেজ শেষে বগুড়া জেলা শহরে নিজ বাসায় চলে যান। পরদিন বিশেষ কাজের জন্য কলেজে আসেননি। এর পরদিন বৃহস্পতিবার কলেজে এসে তাঁর কক্ষে ঢোকার পর কলেজের আয়া ঘর পরিষ্কার করার সময় জানালার ওপর একটি চিঠি দেখতে পান। চিঠিটি আয়া তাঁকে দেন। সাদা কাগজের ওই চিঠির ওপর আরবি অক্ষরে কিছু লেখা ছিল।অধ্যক্ষ দেবাশীষ রঞ্জন রায় বলেন, ‘আমি এতে শঙ্কিত নই। আমার তেমন অবৈধ আয়ের কোনো পথ নেই। তারা কেন আমার কাছে চাঁদা চেয়ে চিঠি দিয়েছে, তা বোধগম্য হচ্ছে না।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, ‘জিডি করার পর ওই দিনই বিষয়টি তদন্ত করেছি। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।’র্যাব-১২-এর কমান্ডার মেজর আসাদ মুঠোফোনে বলেন, ‘আমাদের এ এলাকায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কোনো তৎপরতা নেই। তার পরও অধ্যক্ষ সাহেবের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়ায় আমরা বিভিন্ন জায়গায় তৎপরতা চালাচ্ছি।’