হরকাতুল নেতা মুফতি হান্নানের ছোট ভাই জেলে
গোপালগঞ্জে গ্রেপ্তার হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ছোট ভাই মুন্সী কামরুজ্জামান ওরফে মতিন মুন্সীকে (৪৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মঙ্গলবার দুপুরে মুন্সী কামরুজ্জামানকে আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকা থেকে গত রোববার রাতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ছোট ভাই মুন্সী কামরুজ্জামানকে আটক করা হয়। তিনি কোটালীপাড়ার হিরণ ইউনিয়নের মধ্য হিরণ গ্রামের মৃত মুন্সী নুর মোহাম্মদ মিয়ার ছেলে। ঘাঘরকান্দা এলাকায় তাঁর স্টিলের আসবাবের ব্যবসা রয়েছে।
পুলিশ বলেছে, গত ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নানের আরেক ছোট ভাই আনিচুর রহমান মুন্সীসহ শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এই চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সদর থানার উপপরিদর্শক সোবহান মোল্লা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহ আলম বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মুন্সী কামরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।