হরতাল, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে প্রাণহানির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় হরতাল, গাড়ি ভাঙচুর ও শিল্পকারখানায় আগুন ধরিয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এখন আন্দোলন বা ভাঙচুরের সময় নয়। এখন সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সহমর্মিতা দেখাতে হবে। শ্রমিকদের পুনর্বাসন করাই এখন প্রধান কাজ। তিনি ভবনটির মালিক সোহেল রানার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ক্ষমতায় থাকলে সবাই সরকারি দলের হয়ে যায়। কে কোন দল করল, সেটা বড় কথা নয়। অপরাধী অপরাধীই। আমরা সেভাবেই গ্রেপ্তার করেছি।’প্রধানমন্ত্রী বলেন, এই দুর্যোগের সময় সবার সাহায্য-সহযোগিতা করা দরকার। এ সময় কেন গাড়ি ভাঙচুর করা এবং দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসা, তা বোধগম্য নয়। এখানে সরকারের গাফিলতি থাকলে কথা থাকত। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন বাহিনীর সঙ্গে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের পুনর্বাসন করা হবে। প্রায় এক হাজার শ্রমিকের চাকরির ব্যবস্থা করা হয়েছে। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া হবে। তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক আইন সহায়তা সেল গঠন করার কথা ঘোষণা করেন।প্রধানমন্ত্রী বলেন, বিচারকদের জীবনযাত্রায় সহায়তা ও তাঁদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা মহানগর আদালতকে দুই বা চার ভাগে ভাগ করার চিন্তাভাবনা আছে। তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অফিস স্থাপনসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দেশের সব জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি জেলায় স্থায়ী লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার। অনুষ্ঠানে সাভার দুর্ঘটনার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।