রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে গতকাল শনিবার মহাজোট আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, দাবি আদায়ে হরতাল একটি মরচে পড়া অকেজো অস্ত্র। বিগত দিনে অনেক হরতাল হয়েছে। তাতে সরকার পতন হয়নি। বিএনপির ডাকা হরতাল কর্মসূচির সমালোচনা করে বক্তারা এ কথা বলেন। তাঁরা বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই এ হরতাল ডাকা হয়েছে। সমাবেশে রাজশাহীর ১০টি উপজেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মহাজোটভুক্ত দলের নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশস্থল জিরো পয়েন্টের উভয় দিকে মহানগর আওয়ামী লীগের কার্যালয় ও সোনাদীঘির মোড় পর্যন্ত লোকসমাগম হয়। সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, জনগণ বর্তমান সরকারকে পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, টেন্ডারবাজ-চাঁদাবাজদের সঙ্গে দলের কোনো আপস নেই। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। সমাবেশে সভাপতির বক্তৃতায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ১৬ বছর ধরে রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু শুধু হাসি দিয়ে গেছেন। শিগগিরই তাঁর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন, তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, পবা-মোহনপুর আসনের সাংসদ মেরাজউদ্দিন মোল্লা, পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ, বাঘা-চারঘাট আসনের সাংসদ শাহরিয়ার আলম, বাগমারা আসনের সাংসদ এনামুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আকতার জাহান, জাসদের কেন্দ্রীয় নেতা মজিবুল হক, ন্যাপ নেতা মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।