হরতাল-অবরোধের ক্ষতি পোষাতে শিক্ষাপ্রতিষ্ঠানকে চার দফা নির্দেশনা
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ ও হরতালের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রীষ্মকালীন ছুটি থেকে সাত দিন ক্লাস নেওয়াসহ চার দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠক শেষে মন্ত্রী বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান। পরে বিকেলে আদেশ জারি করে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চার দফা নির্দেশনা হলো: ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিদিন একটি বা দুটি অতিরিক্ত ক্লাস নিতে পারবে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস নেওয়া যাবে। অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা গ্রীষ্মের ছুটি থেকে সাত দিনের জন্য পৃথকভাবে ক্ষতি পুষিয়ে নেওয়ার শিক্ষাপঞ্জি করে ক্লাস নিতে পারেন। আর কলেজ পর্যায়ের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিষ্ঠান-প্রধানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনাপত্র দিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও নির্দেশনাপত্র দেওয়া হয়েছে। ১৪ থেকে ২৮ মে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা।
গত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট টানা অবরোধের ডাক দেয়। পরে অবরোধের সঙ্গে যোগ হয় হরতাল।