হরতাল-অবরোধের মধ্যে আটক আরও ১০৭ জন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান চলছেই। সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৩ জেলা থেকে ১০৭ জনকে আটক করে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাউলি নামক স্থানে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে আহত হন এক নারীসহ দুজন। এ ছাড়া পুলিশ বিএনপি ও জামায়াতের নয়জনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর ও দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এস আলম জানান, তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সবুর ওরফে মিল্টনকে (৫২) আটক করেছে পুলিশ। সোমবার রাত নয়টার দিকে অচিন্ত্যপুর ইউনিয়নের ঘাগলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ তিন নেতাকে আটক করেছে শাহ মখদুম থানার পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে নগরের নওদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নেতারা হলেন রাজশাহী মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রায়হান ওরফে মারুফ ও সমাজকল্যাণ সম্পাদক সাঈদ আমীন। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে শিবির।
এদিকে মিছিল থেকে ফেরার সময় মহানগর মহিলা দলের ছয় নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক নেতাদের মধ্যে আছেন মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেলী, শামসদ বেগম, নগরের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি রিজিয়া বেগম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ারা বেগম ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জান্নাতুল ফেরদৌস।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক রাতে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার পৌর জামায়াতের আমির মো. ইয়ামীর আলীকে (৪৪) গতকাল সকালে শহর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। কামালপুর বাজারে দুটি ট্যাংকলরি আগুন দিয়ে পোড়ানোর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীতাকুণ্ড পৌর যুবদলের নেতাসহ বিএনপির দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত যুবদল নেতার নাম মামুন রেজা ওরফে বুলেট মামুন ও বিএনপির কর্মী মো. আলী।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ভোররাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা জামায়াতের আমির ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা পরিষদের সরকারি পাজেরো গাড়িতে আগুন দেওয়ার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গতকাল সকালে গোপালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ শিবিরের দুই কর্মীসহ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন শহরের জানপুর ব্যাংকপাড়া মহল্লার আবদুল জব্বার (৫৭), শহরের মাহমুদপুর মহল্লার নুর সালামের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও বহুলী এলাকার আমজাদ হোসেনের ছেলে মাসুদ রানা (১৮)।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}