হরতাল-অবরোধ-ঘেরাওসহ নতুন কর্মসূচি আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমাবেশ আজ শনিবার বিকেলে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে জোটের পরবর্তী করণীয় তুলে ধরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণারও কথা রয়েছে। বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, কয়েকটি দিন ফাঁকা রেখে সড়ক, রেল ও নৌপথ অবরোধ, টানা ৬০ ঘণ্টার হরতাল ও ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে। পাশাপাশি সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিও থাকবে। সাভারে ভবনধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ও উদ্ধারকাজে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার শাস্তি ও তাঁকে সহায়তাকারী স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদকে গ্রেপ্তারের দাবিতে আজকের এ সমাবেশ করছে ১৮ দল। একই দাবিতে গত ৩০ এপ্রিল শোক দিবস পালন করে ১৮-দলীয় জোট।বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টা থেকেই শাপলা চত্বরে সমাবেশ শুরু হবে। তবে বেলা আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে।দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে ব্যাপক লোক সমাগম নিশ্চিত করতে ঢাকার বাইরের জেলার নেতাদের আগেই ঢাকায় আসতে নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে ঢাকার বাইরে থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় এসে পৌঁছেছেন বলে বিএনপি দাবি করছে। গতকাল শুক্রবার বিকেলে বিএনপিকে শাপলা চত্বরে সমাবেশ করার জন্য স্থান বরাদ্দ দেয় ঢাকা মহানগর পুলিশ। এর আগে পুলিশের এক বৈঠকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলকে সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ১৮ দল নাইটিঙ্গেল মোড় ও শাপলা চত্বরে সমাবেশ করার ব্যাপারে অনড় থাকলে পুলিশ সে সিদ্ধান্ত প্রত্যাহার করে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা প্রথম আলোর কাছে দাবি করেন, সরকার বাধা না দিলে আজকের সমাবেশ হবে স্মরণকালের বৃহত্তর সমাবেশ।