হরতাল-অবরোধ না থাকলেও যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ না থাকলেও জামায়াতের নেতা কাদের মোল্লার রায় ঘোষণা ও কার্যকরের পর থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে বগুড়াগামী সব ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে কাহালু রেলস্টেশনে জামায়াত-শিবিরের কর্মীরা রেললাইন অবরোধ করলে সান্তাহার-লালমনিরহাট রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবারও এ পথে ট্রেন চলেনি।
সান্তাহার জংশন স্টেশনের মাস্টার দেওয়ান শহিদুল হক জানান, রেললাইনে অবরোধের কারণে বগুড়া স্টেশনে আটকে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনটিকে বিজিবি ও পুলিশ পাহারায় রাত ১০টার পর বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছাড়া হয়। এর পর থেকে সান্তাহার-বগুড়া-লালমনিরহাট রেলপথে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর ও নীলফামারী থেকে ঢাকা, রাজশাহী ও খুলনা লাইনে ট্রেন চলাচল করছে।