হরতাল-অবরোধে অচল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার চট্টগ্রামসহ নোয়াখালী ও ফেনী জেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া কোথাও কোথাও জামায়াত-শিবিরের কর্মীরা শতাধিক গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অবরোধ চলাকালে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। গতকাল রাত সাড়ে দশটা পর্যন্ত পাওয়া আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ এবং চট্টগ্রাম বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি একসঙ্গে শুরু হওয়ায় বন্দর নগর চট্টগ্রাম গতকাল মঙ্গলবার কার্যত স্থবির ছিল। সন্দ্বীপে বিএনপিদলীয় সাংসদের ছেলে গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয় বিএনপি গতকাল চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।
হরতাল ও অবরোধ কর্মসূচিতে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার পুলিশ ১১ জনকে এবং বাকলিয়া থানার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে উত্তর জেলা বিএনপির অর্থ সম্পাদক ছালামত আলী রয়েছেন। তাঁর বিরুদ্ধে রাউজানে যুবলীগ কর্মী খুনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরের কাজীর দেউড়ি এলাকায় দলীয় কর্মসূচি পালনের সময় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। বাকিদের বেশির ভাগ শিবিরকর্মী বলে জানা গেছে। হরতাল ও অবরোধের সমর্থনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গতকাল সিটি গেট এলাকায় অবস্থান নেন। সেখানে তাঁরা নগরের প্রবেশপথে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে সমাবেশ করেন। আর কর্ণফুলী সেতুর পাশে অবস্থান নেন দক্ষিণ জেলা ও নগর বিএনপির নেতা-কর্মীরা। ফলে গতকাল সকাল থেকে দক্ষিণে কক্সবাজার ও বান্দরবান এবং উত্তরে ঢাকাসহ সারা দেশের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পটিয়া (চট্টগ্রাম): পটিয়া সদরে বিএনপি অফিস ও বাসস্টেশন এলাকায় গতকাল দুপুরে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে। এই সময় পুলিশের ধাওয়া খেয়ে অবরোধকারীরা বিএনপি অফিসের সামনে থেকে পালিয়ে যায়। এই সময় পুলিশের এএসআই সাহাবুদ্দিনসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সাতকানিয়া (চট্টগ্রাম): গতকাল ভোরে সাতকানিয়া-বাঁশখালী সড়ক, কেরানীহাট-বান্দরবান সড়ক ও সাতকানিয়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে জামায়াত-শিবিরের কর্মীরা সড়কের পাশের অন্তত ১০০টি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি ভাঙচুর করার চেষ্টাকালে শিবিরের এক ক্যাডারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম (২২)। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার মোহামঞ্চদ জামালের ছেলে।
চকরিয়া (কক্সবাজার): চকরিয়ার বরইতলী-পেকুয়া সড়কের কয়েকটি এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বানিয়ারছড়া স্টেশন থেকে গতকাল সকালে চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে, নন্দীরপাড়া স্টেশন, সিকদারপাড়ায় বিদ্যুতের খুঁটি, সাবেকগুলদি ও বাঘগুজারা স্টেশনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। সাবেকগুলদি স্টেশনে দুটি, পেকুয়া ইসলামী ব্যাংকের সামনে একটি ও নন্দীরপাড়া স্টেশনে দুটি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।
ফেনী: তফসিল ঘোষণার পর সোমবার রাতে দুর্বৃত্তরা উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের একটি কক্ষের কাগজপত্র পুড়ে গেছে। সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ও ছাগলনাইয়ায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করেছে। পুলিশ সাতজনকে আটক করেছে। এছাড়া ফেনীতে ককটেল বিস্ফোরণে আহত হয়ে মো. দুলাল মিয়া (৪০) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দাগনভূঞা উপজেলার মধ্যম রাজাপুর গ্রামের আলী আকবরের ছেলে। দুলাল মিয়া গতকাল সন্ধ্যা ছয়টার দিকে অটোরিকশা নিয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অবরোধ-সমর্থক পিকেটাররা ধাওয়া করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত নয়টায় তিনি মারা যান।
নোয়াখালী: গতকাল সকালে পুলিশের গাড়িতে হামলার জের ধরে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা শহরের জামে মসজিদ, পৌর বাজার, রশীদ কলোনি ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা শটগান থেকে ১৪৭টি গুলি ও ২৫টি টিআর গ্যাসের শেল নিক্ষেপ এবং আটজনকে আটক করে। সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানসহ ১৮-দলীয় জোটের অন্তত ৫০ জন কম-বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ। সেনবাগ বাজারে সকালে পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান চৌধুরীর রড-সিমেন্টের দোকানে হামলা-ভাঙচুর চালিয়েছেন ১৮ দলের কর্মীরা। আগের রাতে তাঁরা সেবারহাট এলাকায় ২৫টি যানবাহন ভাঙচুর করেন।