হরতাল-অবরোধে আলোচিত মামলার তদন্ত থমকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা হত্যা, ছিনতাই, অপহরণ, চুরিসহ ১০টি মামলার তদন্তকারী কর্মকর্তা। দেড় মাস ধরে কোনো মামলার তদন্ত করতে পারেননি সন্তোষ চাকমা। প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত অবধি হরতাল-অবরোধ চলাকালে নগরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে আসছেন বিরতিহীনভাবে।
তিনি বলেন, ‘দেড় মাসে অন্তত একটি মামলার তদন্ত শেষ করতে পারতাম। অন্য মামলাগুলোর তদন্তেও অগ্রগতি হতো। এখন দিন-রাত হরতালের ডিউটিতে।’
শুধু এসআই সন্তোষ চাকমা নন, নগর ও জেলার ৩২ থানায় কর্মরত পুলিশ সদস্যরা হরতাল-অবরোধে সহিংসতা রোধে দিনে-রাতে মাঠে রয়েছেন। ফলে আলোচিত হত্যাকাণ্ড, অস্ত্র উদ্ধার, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত থেমে আছে। ধরা পড়ছে না অপরাধীরা। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, হরতাল অবরোধে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ব্যস্ত হয়ে পড়ায় মামলার তদন্ত ব্যাহত হচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, তদন্ত দূরের কথা, পুলিশের বিশ্রামেরও সুযোগ নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা স্বাভাবিক হলে তদন্তাধীন মামলাগুলোর কাজ শুরু করবে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের মো. বাবুল আক্তার বলেন, নগরের ১৬ থানায় বর্তমানে ৯৮৬টি মামলা তদন্তাধীন। জেলায়ও সহস্রাধিক মামলা তদন্তাধীন।
গত ২৪ জুন নগরের সিআরবি এলাকায় রেলের কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলাগুলির ঘটনায় শিশু আরমান ও যুবলীগ নেতা সাজু পালিত নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন নগরের কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান। ছয় মাস হলেও তদন্ত থেমে আছে। মো. কামরুজ্জামান বলেন, ‘প্রতিদিন ভোর থেকে গভীর রাত অবধি হরতাল-অবরোধে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে মামলাটির তদন্তও এগোতে পারছি না।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, হরতাল অবরোধ শুরু হওয়ার পর নগরের বিভিন্ন থানা থেকে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে আসছে অনেক কম। তদন্তের চেয়ে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যস্ত।