হরতাল-অবরোধে কমে গেছে সম্পত্তি কেনাবেচা
চট্টগ্রামে হরতাল-অবরোধে কমে গেছে জমিসহ সম্পত্তির কেনাবেচা। ফলে এ খাত থেকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। অলস সময় পার করছেন রেজিস্ট্রি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
কেনাবেচা কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দলিল লেখকেরাও। টাকাসহ নানা প্রয়োজনে জমি বিক্রি করতে চাইলেও হস্তান্তর করতে না পারায় দুর্ভোগে পড়েছেন নগর ও জেলার শত শত মানুষ।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের কারণে জমি কেনাবেচা কমে গেছে। বেচাকেনা কম হওয়ায় সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর মাসের তুলনায় নভেম্বর-ডিসেম্বর মাসে তুলনামূলক কম জমি রেজিস্ট্রি হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে নগরের আদালত ভবনের মূল ফটকে জেলা রেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা নেই। কাজের চাপ না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা পার করছেন অলস সময়।
জ্যেষ্ঠ আইনজীবী জিয়াউদ্দিন আহমেদ রেজিস্ট্রি কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘নগরের খুলশী এলাকার একটি জমি বিক্রির দলিল তৈরি করে রাখলেও দুই মাসেও তা সম্পাদন হয়নি হরতাল-অবরোধের কারণে। কারণ, জমিটির অংশীদার একেকজন একেক জায়গায় বসবাস করেন। কেউ ঢাকায়, কেউ রাজশাহী, কেউ কুমিল্লায়। হরতাল-অবরোধের কারণে সব অংশীদার আসতে পারছেন না। অপরদিকে জমির ক্রেতা হলেন প্রবাসী। তিনি দলিল রেজিস্ট্রি করে বিদেশে চলে যেতে চাইলেও পারছেন না। কবে রেজিস্ট্রি করতে পারি জানি না।’
নগরের হামজারবাগ এলাকার কামাল উদ্দিন মায়ের চিকিৎসা করাতে তাঁদের একটি জায়গা থেকে পাঁচ শতক বিক্রির জন্য বায়না করেছেন। কিন্তু তাঁর বোনেরা হরতাল-অবরোধের কারণে রেজিস্ট্রি অফিসে আসতে না পারায় তা হচ্ছে না।
জেলা রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে নগর ও জেলার ২১টি রেজিস্ট্রি কার্যালয়ে এক হাজার ৬৬টি দলিল সম্পাদিত হলেও গত তিন মাসে তার সংখ্যা কমে এসেছে। অক্টোবর মাসে সাত হাজার ৬০টি, নভেম্বর মাসে সাত হাজার ২৫২ এবং ডিসেম্বর মাসে প্রায় সাড়ে ছয় হাজারের মতো। সেপ্টেম্বর মাসে এ দলিল রেজিস্ট্রি, রেজিস্ট্রিকৃত দলিলের অনুলিপি ফি, তল্লাশি ও পরিদর্শন ফি, দলিলে ব্যবহূত স্ট্যাম্প ফি বাবদ ৪০ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ২৩০ টাকা আদায় হলেও গত নভেম্বর মাসে তা নেমে আসে ৪০ কোটিতে।
সদর সাব-রেজিস্ট্রার সাইফুল ইসলাম বলেন, ক্রেতা-বিক্রেতারা আসতে না পারায় গত তিন মাসে রেজিস্ট্রি কমে গেছে।
এদিকে জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী, দলিল লেখক, সার্ভেয়ার ও কেনাবেচার মধ্যস্থতাকারী দালালেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নগরের মুরাদপুর এলাকার রফিকুল ইসলাম মধ্যপ্রাচ্য থেকে ফেরার পর জমি কেনাবেচার মধ্যস্থতা (দালালি) করে সংসার চালান।
রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ জমি কেনাবেচা করতে পারছেন না। নিরাপত্তার কারণে রেজিস্ট্রি করতে আসা-যাওয়া ও টাকা লেনদেন ঝুঁকির মুখে পড়েছে। ফলে কেনাবেচা বন্ধ থাকায় আমার মতো দালালদের অবস্থাও খারাপ। এটি স্থায়ী হলে না খেয়ে থাকতে হবে পরিবার-পরিজন নিয়ে।’