চট্টগ্রামে হরতাল-অবরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগের আতঙ্কে থাকা গাড়িমালিকেরা রাস্তায় গাড়ি বের করছেন না। এমনকি গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স নবায়নও ইস্যু করতে গাড়ি বের করছেন না তাঁরা। এ কারণে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়েও নেই গাড়ির ভিড়। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ববঞ্চিত হচ্ছে।
সরেজমিনে গতকাল রোববার দুপুরে নগরের বালুছড়া এলাকায় অবস্থিত চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানে গাড়ি ও মালিকদের ভিড় নেই। অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। অন্য সময় গাড়ির মালিক ও গাড়ির ভিড় থাকত লক্ষ করার মতো।
কার্যালয়ের পাশে চায়ের দোকানদার সুরুজ মিয়া বলেন, লোকজন না থাকায় ব্যবসা বন্ধ হওয়ার পথে। আগে দিনে কয়েক হাজার টাকা বিক্রি হতো। এখন ১০০ টাকাও বিক্রি হয় না।
বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক (প্রকৌশলী) মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে পুরো দিনে ৮ থেকে ১০ জন লোক আসেন।
এ কারণে গত ১৫ দিনে মাত্র তিন কোটি ৯৪ লাখ ২০ হাজার ৩৩৭ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত নভেম্বর মাসে রাজস্ব ছিল ১১ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩০২ টাকা এবং অক্টোবর মাসে ছিল ১১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৫৬৩ টাকা। হরতাল-অবরোধ যতই বাড়ছে, রাজস্ব আদায়ের পরিমাণ ততই কমছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম আরও বলেন, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল নম্বর প্লেট, রুট পারমিট নবায়নও ইস্যু করা হয় বিআরটিএ থেকে। এসব খাতে প্রতি মাসে গড়ে ১৩ থেকে ১৪ কোটি টাকার রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা হলেও ডিসেম্বর মাসে পাঁচ থেকে ছয় কোটি টাকার বেশি হচ্ছে না।
একাধিক গাড়িমালিক বলেন, নগর থেকে অনেক দূরে অবস্থিত বিআরটিএ কার্যালয়। ফিটনেস, রেজিস্ট্রেশন নবায়নসহ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে গাড়ি নিয়ে যেতে হয়। হরতাল-অবরোধে ভাঙচুর ও অগ্নিসংযোগের আতঙ্কে গাড়ি বের করতে পারেন না।