হরতাল-অবরোধে চালকলের ক্ষতি দিনে কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা যদি চাল না তৈইর করি তাইলে হেগরো (রাজনীতিবিদেরা) খাবো কী? আমরা ট্যাকাও পাচ্ছি নে হেগরাও খাইতে পারবো নে। দ্যাশের মানুষের জন্যিই আমরা চাল তৈইর করছি, আর হেগরো (দুই নেত্রী) মারামারি কইরা সব বন্ধ কইরা দিচ্চে।’
কথাগুলো কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে চাতালে কাজ করা নারী শ্রমিক শরিফা খাতুনের। বগুড়ার বাসিন্দা শরিফা খাতুন স্বামী আবদুল জব্বারের সঙ্গে প্রায় আট বছর ধরে খাজানগরে চাতালে কাজ করে সংসার চালাচ্ছেন। একদিন কাজ বন্ধ থাকলে সেদিন আর টাকা পান না। হরতাল অবরোধে তাঁর চাতাল পাঁচ দিন ধানও সংগ্রহ করতে পারেনি।
শরিফার মতো শ্রমিকেরাই শুধু নন, খাজানগর এলাকার সবচেয়ে বড় অটো রাইস মিল রশিদ অ্যাগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী আবদুর রশিদের আশঙ্কা, চলতি সপ্তাহে এ অঞ্চল থেকে চাল সরবরাহ করতে না পারলে সবগুলো মিল যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি ঢাকাসহ বড় জেলাগুলোতে চাল সংকট দেখা দেবে।
রাজনৈতিক অস্থিরতায় দফায় দফায় হরতাল আর অবরোধের মতো কর্মসূচিতে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে চাল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এমনই স্থবির হয়ে পড়েছে। এতে প্রত্যেক মিলমালিক প্রতিদিন কয়েক লাখ টাকা ক্ষতির সমঞ্চুখীন হচ্ছেন। সব মিলিয়ে গড়ে প্রতিদিন কোটি টাকার ওপরে ক্ষতি হচ্ছে।
জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল, খাজানগর, দোস্তপাড়া, শান্তিমোড়, বল্লবপুর ও পোড়াদহে প্রায় সাত কিলোমিটারে চাল প্রস্তুত অঞ্চল গড়ে উঠেছে। এর মধ্যে রাইচ মিল রয়েছে ২৫০টি, অটো রাইচ মিল ২০টি ও সেমি অটো রাইচ (বাছাই) রয়েছে প্রায় ৫০টি। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন উৎপাদিত দেড় হাজার টন চাল ১০০ ট্রাকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। প্রতি ট্রাকে চাল থাকে ১৫ টন। সারা দেশে চালের চাহিদার বড় অংশ এ অঞ্চল থেকে সরবরাহ করা হয়।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ দিনের হরতাল-অবরোধে চার ভাগের এক ভাগ চালও মিলগুলো থেকে যায়নি। অর্ধেকেরও বেশি মিল উৎপাদন কমিয়ে দিয়েছে। বেশ কয়েকটি মিল বন্ধ রয়েছে। রশিদ অ্যাগ্রো প্রোডাক্টস থেকে সারা দেশে প্রতিদিন গড়ে ১০ ট্রাক চাল সরবরাহ হয়। শুক্রবার অবরোধ শুরুর আগে রাজশাহী-নওগাঁ সড়কের দেওয়াপাড়ায় এই প্রতিষ্ঠানের ধানবোঝাই চারটি ট্রাক আগুনে পুড়ে যায়। এ অবস্থায় হরতাল অবরোধমুক্ত দিনেও মিলমালিকেরা চাল সরবরাহ করতে রাজি হচ্ছেন না।
হরতাল-অবরোধের কারণে ধানও সংগ্রহ করতে পারছেন না মিলমালিকেরা। তেমনি উৎপাদিত চালের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এ শিল্পে জড়িত প্রায় ১৫ হাজার শ্রমিক-কর্মচারী অসহায় হয়ে পড়েছেন। প্রতিদিন মিলমালিকদের গড়ে কোটি টাকা ক্ষতি হচ্ছে। জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, প্রতিদিনই চালের চাহিদা রয়েছে। সংকট দেখা দিলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।