হরতাল অবরোধে চালের বাজারে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল, অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে বগুড়ায় ধান-চালের বেচাকেনা কমে গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকেরা। পরিবহন যা আছে, তারও ভাড়া বেড়ে যাওয়া আর সেই সঙ্গে নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা ধান-চাল মোকামে পাঠাতে পারছেন না। ফলে মজুত বেড়ে যাচ্ছে।
অপরদিকে বিক্রি না থাকায় ধানের দাম কমে আসায় কৃষকের মুখের হাসিও ম্লান হয়ে এসেছে।
বগুড়ার দুপচাঁচিয়া, কাহালু, সদরের ঘোড়াধাপ, শিবগঞ্জ এলাকার হাটগুলোতে ঘুরে দেখা গেছে, এসব হাটে ধানের আমদানি প্রচুর। চাল ব্যবসায়ীরা ধান কিনে চাতালে নিচ্ছেন। বগুড়ার বড় চালের মোকাম দুপচাঁচিয়ায় গত রোববার প্রতি মণ রণজিৎ (স্বর্ণা) ধান বিক্রি হয়েছে ৭০০ টাকা মণ, আর মোটা ধান ৬৬০ টাকায়। অথচ সপ্তাহ খানেক আগেই রণজিৎ বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৭৬০ ও মোটা ধান ৭১০ টাকায়।
দুপচাঁচিয়ার আড়তদার গৌতম কুমার জানান, ধান বিক্রি করে এখনো কৃষকদের হাতে কিছু লাভ থাকলেও ব্যবসায়ীদের কোনো লাভই থাকছে না। ধান কিনে চাল করে বেচতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
শিবগঞ্জের বিহারের চাল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আগে বগুড়া থেকে চট্টগ্রামে এক ট্রাক চাল পাঠাতে ১২ হাজার টাকা লাগত। এখন হরতাল, অবরোধের দোহাই দিয়ে সেই ভাড়া ১৭ থেকে ১৮ হাজার টাকা চাওয়া হচ্ছে। ফলে অনেক ব্যবসায়ী চাল পাঠাতে পারছেন না।
এদিকে বগুড়ার কাহালুর দুর্গাপুর গ্রামের কৃষক তসলিম উদ্দিন বলেন, ‘নতুন ধান হাটে তুলার পর ভালোই দাম পাছিলাম। এখন দেখিচ্ছি হাটে ধান লিয়ে গেলে মণপ্রতি ৭০ থিকে ৮০ টাকা কম দাম কচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রশিদ ধানের দাম গত কয়েক দিনে কমে যাওয়ার কথা স্বীকার করে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই এমন হয়েছে। তবে এ পরিস্থিতি থাকবে না।