হরতাল-অবরোধে জীবন বিপন্ন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিেক কুপিয়ে বের হয়ে আসছেন রফিকুল ইসলাম। গতকাল আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ষ ফাইল ছবি
বিশ্বজিেক কুপিয়ে বের হয়ে আসছেন রফিকুল ইসলাম। গতকাল আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ষ ফাইল ছবি

রাজনৈতিক কর্মসূচি হরতাল-অবরোধের ক্ষেত্রে আহ্বানকারী ও বিরোধী পক্ষকে জনজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা, শান্তি ভঙ্গ ও সম্পত্তির ক্ষতি থেকে জনগণকে মুক্তি দিতে হবে। গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন
সমুন্নত রাখতে এই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায়ে গতকাল বুধবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এই পর্যবেক্ষণ দিয়েছেন।
আদালত বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ড অন্য দশটি হত্যাকাণ্ডের মতো নয়। এটা মানবতা ও নৈতিকতার কোনো স্তরেই পড়ে না। নিরপরাধ মানুষের প্রাণহানি ও অহেতুক রক্তপাত সমর্থনযোগ্য নয়।
পর্যবেক্ষণে বলা হয়, এ হত্যার দৃশ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তা দেখে মানুষ হতবাক ও আতঙ্কিত হয়েছে। ওই ঘটনা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর মধ্য দিয়ে আসামিরা
রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বহির্বিশ্বসহ দেশের মানুষের কাছে ভুল বার্তা দেওয়ার প্রয়াস চালিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবীদের সম্পর্কে রায়ে বলা হয়, অপ্রিয় হলেও সত্য, মামলাটির বিচারকালে আসামিপক্ষের আইনজীবীদের কেউ কেউ মূল আসামিদের আড়াল করে যেনতেনভাবে তাঁদের বাঁচাতে চেষ্টা
করেছেন। আসামিদের বাঁচাতে আইনজীবীরা অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক তথ্য উপস্থাপনও করেছেন। যা শ্রুতিকটু ও অসত্যে ভরা ছিল। হত্যাকারী ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত যেই হোক না কেন, তাঁকে
শাস্তি পেতে হবে বলে অভিমত দেন আদালত।
রায়ে বলা হয়, আসামিদের আইনজীবী দাবি করেন, সংঘটিত অপরাধ খুন নয়, নরহত্যা বলে গণ্য হবে। (নরহত্যার শাস্তি ১০ বছরের কারাদণ্ড)।
আদালতের অভিমত, খুনের অভিপ্রায় সব ক্ষেত্রে প্রমাণ করা জরুরি নয়। যেখানে চাক্ষুষ সাক্ষী থাকে, সেখানে অভিপ্রায় অপ্রাসঙ্গিক বলে গণ্য হয়। এ হত্যাকাণ্ড প্রমাণের ক্ষেত্রে চাক্ষুষ সাক্ষী আছে কি নেই,
তা বিবেচ্য। কোনো হত্যা মামলায় শুধু পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল হলে সেখানে অভিপ্রায় বিবেচনা করা সমীচীন। কিন্তু এ মামলাটিতে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা এবং আসামিদের
বিরুদ্ধে চাক্ষুষ সাক্ষীসহ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তথ্যাদি (স্থির ও ভিডিওচিত্র) আছে।
মামলা পরিচালনার ক্ষেত্রে বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চের (আদালত) পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়ে আদালত বলেন, সত্যকে অপমানিত না
করে সবাইকে আরও দায়িত্বশীল ও সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কারণ, দেশের কল্যাণ ও শান্তির জন্য ন্যায় ও সত্যের অনুসন্ধানই কাম্য।