হরতাল-অবরোধে ধানের দরপতন, দিশেহারা কৃষক
লাগাতার হরতাল ও অবরোধের কারণে বরগুনায় ধানের দাম কমে গেছে। গত এক সপ্তাহে ধানের দাম মণপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা কমেছে। ফলে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পাশাপাশি বিভিন্ন মোকামে চাল পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আড়ৎদার ও ব্যবসায়ীরা জানান, বরগুনার বাজারে এক সপ্তাহ আগে ধানের বাজারমূল্য ছিল মণপ্রতি ৭০০ টাকা। অবরোধের কারণে সেই ধান এখন বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়। ব্যবসায়ীরা ধান কিনে মজুদ করলেও গত এক সপ্তাহ ধরে তা মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ অন্যান্য স্থানের মোকামগুলোতে তাঁরা পাঠাতে পারছেন না। নতুন করে তাঁরা ধান না কেনায় দাম পড়ে গেছে। অনেক ব্যবসায়ী ধান কেনার পর তা স্তূপাকারে ফেলে রেখেছেন। ফলে ধানের আর্দ্রতা কমে যাচ্ছে। এতে ওজন কমে যাওয়ার পাশাপাশি ধানের গুণগত মানও নষ্ট হচ্ছে। বেশির ভাগ ব্যবসায়ী এখন ধান কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে ধানের মূল্য মণপ্রতি ১৬০-২০০ টাকা পর্যন্ত কমে গেছে।
ব্যবসায়ীরা জানান, অবরোধের কারণে সড়ক পথ ছেড়ে নৌপথে ধান মোকামে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। কার্গোতে করে বেশ কয়েকটি চালান পাঠানোর পর বোমা মেরে কার্গোসহ ধান ডুবিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তাঁদের। এরপর থেকে তাঁরা ধান পাঠানোও বন্ধ রেখেছেন।
বরগুনার খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদার গত মঙ্গলবার সকালে বরগুনা বাজারে ধান বিক্রি করতে আসেন। ধানের দাম কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক মণ ধান উৎপাদন করতে ৭৭০ টাকা খরচ হয়েছে। অথচ বাজারে ধান বিক্রি করতে হচ্ছে ৫০০-৫৪০ টাকায়।
সদরের বালিয়াতলী ইউনিয়নের ছোটবালিয়াতলী গ্রামের কৃষক সেন্টু মিয়া বলেন, ‘ঘূর্ণিঝড় সিডরের পর গত ছয় বছরে জেলায় তেমন ধান হয়নি। এবার ধান চাষ করে একটু ভালো ফলন পেলেও হরতাল-অবরোধ আমাদের শেষ করে দিচ্ছে।’
বরগুনা শহরের ব্যবসায়ী কবিরুর রহমান বলেন, ‘গত কয়েক দিনে তিন-চার হাজার মণ ধান কিনেছি কিন্তু মোকামে পাঠাতে পারছি না। সব ধান স্তূপ করে রাখায় আর্দ্রতা কমে কালচে হয়ে যাচ্ছে। এতে ধানের ওজন কমে যাচ্ছে এবং গুণগত মান নষ্ট হচ্ছে। ফলে আর্থিকভাবে আমাদের লোকসান গুনতে হবে। তাই বাধ্য হয়ে এখন আর ধান কিনছি না।’
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, গত মে মাসে ঘূর্ণিঝড় মহাসেনের ক্ষতির পর পুনরায় কৃষকেরা বীজতলা করে আমন চাষ করে মোটামুটি এবার ভালো ফলন পান। কিন্তু ধানের মূল্য কমে যাওয়ায় এখন তাঁরা চরম হতাশ হয়ে পড়েছেন।