হরতাল-অবরোধে নিম্ন আয়ের মানুষের উপার্জন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক হরতাল-অবরোধে উপার্জন বন্ধ হওয়ায় খেয়ে না-খেয়ে দিন কাটছে শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের। তার ওপর তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ। সাপ্তাহিক কিস্তি শোধ করতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, পাবনার বেড়া উপজেলায় গ্রামীণ ব্যাংক, আশা, টিএমএসএস, ব্র্যাকসহ বেশ কয়েকটি এনজিও ঋণ কার্যক্রম পরিচালনা করছে। মূলত দিনমজুর, শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষই এসব এনজিও থেকে ঋণ নিয়ে সাপ্তাহিক কিস্তিতে তা শোধ করেন। উপার্জনের পথ বন্ধ হলে কিস্তি শোধের উপায় থাকে না এসব মানুষের। হরতাল-অবরোধের কারণে এক মাসেরও বেশি সময় ধরে বেড়ার পরিবহন শ্রমিক, তাঁত শ্রমিক, বাসস্টেশন ও ফেরিঘাটের শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন একরকম বেকার। এ ছাড়া বিভিন্ন হাট-বাজার ও কারখানার শ্রমিকেরাও উপার্জনহীন অবস্থায় আছেন। নিম্ন আয়ের এসব মানুষের অনেকেই নানা প্রয়োজনে বিভিন্ন এনজিও থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন। সাপ্তাহিক কিস্তিতে ঋণ শোধ করার কথা থাকলেও উপার্জন বন্ধ হওয়ায় কিস্তি দিতে পারছেন না তাঁরা। অভিযোগ উঠেছে, কিস্তি পরিশোধের জন্য এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে এসে চাপ দিয়ে যাচ্ছেন। ফলে পালিয়ে বেড়াচ্ছেন অনেক ঋণগ্রহীতা। উপজেলার আমিনপুর গ্রামের মোহন মিয়া জানান, তিনি পাটের গুদামে শ্রমিকের কাজ করেন। একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। হরতাল-অবরোধের কারণে মাস খানেক ধরে বেকার বসে থাকায় এমনিতেই চুলা জ্বলছে না। এ অবস্থায় কয়েক সপ্তাহ কিস্তি না দিতে পেরে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। একই গ্রামের দিনমজুর মাজেদ শেখ জানান, তিনি অপর একটি এনজিও থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। প্রায় ২৫ কিস্তি শোধ করার পর উপার্জন বন্ধ হওয়ায় এখন কিস্তি দিতে পারছেন না। আক্ষেপ করে তিনি বলেন, ‘এমনিতেই প্যাটে ভাত নাই। এর ওপর স্যারেরা (এনজিও কর্মকর্তা) খালি কিস্তি দিব্যার কয়। কিন্তু দেব কোনথ্যা?’ পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন বলেন, ‘বেড়ায় ছয় শতাধিক পরিবহন শ্রমিকের দিন কাটছে খেয়ে না-খেয়ে। সবচেয়ে বড় কথা, কিস্তি শোধের আতঙ্কে এঁদের অনেকেই অস্থির হয়ে আছেন। কেউ কেউ আমাদের শ্রমিক কার্যালয়ে এসে কান্নাকাটি পর্যন্ত করছেন।’ এনজিও টিএমএসএসের বেড়া শাখার ফিল্ড সুপারভাইজার আবদুর রশীদ জানান, হরতাল-অবরোধের কারণে কিস্তি দেওয়ায় অনেকেরই কষ্ট হচ্ছে। কিন্তু কিস্তি শোধের জন্য কাউকে চাপ দেওয়া হচ্ছে না। একটি এনজিওর একাধিক কর্মকর্তা দাবি করেছেন, কিস্তি পরিশোধের জন্য কাউকেই চাপ দেওয়া হচ্ছে না। যাঁরা কিস্তি দেওয়ায় অপারগতা প্রকাশ করছেন, তাঁদের পরে দেওয়ার কথা বলা হচ্ছে।