হরতাল-অবরোধে পরীক্ষা পেছানো নিয়ে উদ্বেগ
চলমান হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে বারবার পরীক্ষার সময়সূচি পেছানোর ফলে উদ্বেগ বেড়েছে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের। ডিসেম্বর মাসে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।
বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির কারণে গতকাল শনিবারের পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা) ধর্ম বিষয়ের পরীক্ষা দ্বিতীয়বারের মতো পিছিয়ে যায়। পিএসসির এ শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় ছিল গত ২৮ নভেম্বর। কিন্তু সেদিনও অবরোধ কর্মসূচির কারণে তা শনিবার অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘আমরা পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। গতকাল পরীক্ষাটি শেষ হলে আমরা স্বস্তি পেতাম। কিন্তু সেটিও আবার পিছিয়ে নিতে হলো।’
নগরের টাইগারপাস এলাকার বাসিন্দা অভিভাবক আবীর চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বারবার পিএসসি পরীক্ষা পেছানোর ফলে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। আবার ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা আছে সামনে। সবকিছু সময়মতো অনুষ্ঠিত না হলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে। এর দায় নেবে কে?’
চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন বিদ্যালয়গুলোর অষ্টম ও দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছে। এখনো ছয়-সাতটি পরীক্ষা বাকি। এ অবস্থায় সময়মতো বার্ষিক পরীক্ষা শেষ করা এবং ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে করপোরেশনের শিক্ষা বিভাগ।
প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা বার্ষিক পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার মধ্যে সমন্বয় নিয়ে বিপাকে পড়েছি। এখন শুক্রবার দুটি করে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু করতে হবে ২ ডিসেম্বর থেকে।’ চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম জিয়াউল হায়দার বলেন, ‘আমরা শনিবার অবরোধ কর্মসূচির মধ্যেও পরীক্ষা নিয়েছি। কিন্তু রোববার হরতাল এবং অবরোধ কর্মসূচি থাকার কারণে অভিভাবকদের অনুরোধে আমরা নির্ধারিত পরীক্ষা পিছিয়েছি। এটি আগামী শনিবার অনুষ্ঠিত হবে।’