হরতাল-অবরোধে পড়ে গেছে পানের দাম
হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় চুয়াডাঙ্গার ২০ হাজার পানচাষি বিপাকে পড়েছেন। জেলার পানের হাটগুলোতে বাইরে থেকে পাইকারেরা আসতে পারছেন না। পানচাষিরা অনেকটা নিরুপায় হয়ে স্থানীয় ক্রেতাদের কাছে অনেক সস্তায় পান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তাঁরা।
চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজার জেলায় পান বিক্রির সর্ববৃহৎ মোকাম। এ ছাড়া সদর উপজেলার মোমিনপুর, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী, গোকুলখালী, ভালাইপুর, মুন্সিগঞ্জ, হারদী, খাসকররা ও জামজামি এবং দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সাপ্তাহিক হাটে প্রচুর পান বিক্রি হয়। এর মধ্যে বেশির ভাগ হাটেই হাট বসে সপ্তাহে দুই দিন। গত মঙ্গলবার সরেজমিনে নিচের বাজার পানের হাটে গিয়ে দেখা যায়, তেমন বেচাকেনা হচ্ছে না। যে কয়েকজন ক্রেতা আছেন, তাঁরা দাম বলছেন অনেক কম। মহাজন বীরেন সাহা জানান, হাটে অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই হাটে প্রতি পণ (৮০টি) পান সর্বনিম্ন দুই টাকা থেকে সর্বোচ্চ ৯০ টাকায় বিক্রি হয়েছে। অথচ এক মাস আগেও এই পানের দর ছিল ২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। হাটের কমিশন এজেন্ট বিশ্বজিৎ সাহা জানান, সপ্তাহে দুটি হাটের দিন এখানে জামালপুর ও ময়মনসিংহ থেকে তিনটি বাসে করে পাইকারি ক্রেতারা আসেন এবং পান কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যান। কিন্তু অবরোধের কারণে আজ মাত্র হাতে গোনা দু-তিনজন পাইকার হাটে পান কিনছেন। জামালপুরের সরিষাবাড়ী থেকে আসা পাইকারি ক্রেতা গাজিউর রহমান জানান, স্বাভাবিক সময়ে ট্রাকের ভাড়া ১২ থেকে ১৫ হাজার টাকা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৫২ হাজার টাকা। এ ছাড়া পথে আরও অন্তত ২০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। যে কারণে বেশি দামে পান কেনা যাচ্ছে না। সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের পানচাষি আবদুল আজিজ জানান, প্রতিবছর শীতকালে পানের সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এবার চিত্র উল্টো।
হাতিকাটা গ্রামের জহুরুল ইসলাম বলেন, ‘এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে পান চাষের ওপর নির্ভরশীল আমার মতো চাষিরা মহাবিপাকে পড়বেন। অনেকেই বাধ্য হয়ে পান চাষ ছেড়ে দেবেন।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে এক হাজার ৮৩০ হেক্টর জমিতে ছোট-বড় ২০ হাজার পানের বরজ রয়েছে। অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার জানান, জেলার প্রায় ২০ হাজার পানচাষি স্বাভাবিক সময়ে পানের ভালো দাম পেলেও বর্তমানে তা কিছুটা কমে গেছে।