হরতাল-অবরোধে বিপাকে কেশবপুরের মত্স্যচাষিরা
হরতাল-অবরোধের কারণে যশোরের কেশবপুর উপজেলার মত্স্যচাষিরা বিপাকে পড়েছেন। সময়মতো মাছ ধরতে ও বাজারজাত করতে না পারায় লোকসানের কারণে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
মাগুরাডাঙ্গা গ্রামের মত্স্যচাষি সুলতান মোড়ল জানান, তিনি এক হাজার ২৫০ বিঘার খামারে মাছ চাষ করেছেন। মাছ ধরে কেশবপুরের পাইকারি বাজারে বিক্রি করেন। হরতাল-অবরোধ হলে মাছ বিভিন্ন জেলায় পাঠাতে পারেন না বলে আড়তদারেরা কিনতে চান না। এ কারণে ২০-২৫ দিন ধরে তিনি মাছ ধরছেন না।
সাগরদত্তকাঠি গ্রামের গোপাল মণ্ডল জানান, তিনি ৩৫ বিঘার খামারে মাছ চাষ করেছেন। মাছ ধরতে না পারায় প্রতিদিন বিঘাপ্রতি অতিরিক্ত এক হাজার টাকার মাছের খাবার দিতে হচ্ছে। এতে তাঁর লোকসান বাড়ছে।
মত্স্যচাষি মাধব বর্মণ বলেন, ‘মাছ ধরা ও বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে। খামারের শ্রমিকদের মজুরিও দিতে পারছি না। চুক্তি অনুযায়ী পৌষ মাসের মধ্যে সব মাছের ঘের সেচ দিয়ে কৃষকদের বুঝিয়ে দিতে হবে। একদিকে সব মাছের দাম মণপ্রতি এক হাজার টাকা কমে গেছে, অন্যদিকে ঘের ছেড়ে দিতে হবে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
মাছের পোনা ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, ১০টিতে কেজি দরের মাছ গত বছর এ সময় চার হাজার ৪০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এ বছর তা তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
কেশবপুর পাইকারি মাছবাজারের আড়তদার নুর আলী বলেন, ‘আমরা প্রতিদিন ১০-১২ লাখ টাকার মাছ কিনি। সেখানে এখন এক লাখ টাকাও বেচাকেনা হচ্ছে না।’
কেশবপুর মত্স্য কার্যালয়ের সহকারী মত্স্য কর্মকর্তা আলমগীর কবির বলেন, রাজনৈতিক কর্মসূচির কারণে মত্স্যচাষিরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন। এক কেজি খইলের দাম এক কেজি মাছের দামের চেয়ে বেশি। মাছের অতিরিক্ত খাবার দিতে গিয়ে মত্স্যচাষিদের সবচেয়ে বেশি লোকসান দিতে হচ্ছে।
উপজেলা মত্স্য কার্যালয় সূত্র জানায়, উপজেলায় চার হাজার ৮৬৭ হেক্টর জমিতে তিন হাজার ৬৩১টি নিবন্ধিত এবং এক হাজার ৩২৫টি অনিবন্ধিত ঘের রয়েছে। উপজেলাটি জলাবদ্ধপ্রবণ এলাকা হওয়ায় এখানকার জলাবদ্ধ বিলগুলোতে ঘের করে মাছ চাষ করা হয়। বছরের প্রায় আট মাস এসব জমিতে মাছ চাষ হয়। এখানকার কৃষকেরা একটি মাত্র বোরো ফসল আবাদ করেন। কৃষকদের সঙ্গে মত্স্যচাষিদের চুক্তি থাকে পৌষ মাস শেষে ঘেরের পানি নিষ্কাশন করে দিতে হবে। এরপর কৃষক বোরো আবাদ করেন।