হরতাল-অবরোধে ব্যস্ত পুলিশ তাই বেড়ে গেছে ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হালিম। নগরের প্রবর্ত্তক মোড় এলাকায় পান-সিগারেট বিক্রি করে সংসার চালান। ছয় দিন ধরে হাসপাতালের শয্যায় শুয়ে আছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির আয়ের পথ বন্ধ। পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হচ্ছে বলে শয্যায় শুয়ে জানান আবদুল হালিম।
দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা আবদুল হালিমের সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। শেষ সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন তিনি। তাতেই কাল হয়ে দাঁড়ায়। ছিনতাইকারীরা তাঁর তলপেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ১১ ডিসেম্বর রাত ১১টায় নগরের পাঁচলাইশ রূপনগর কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটলেও তিনি হাসপাতালে থাকায় থানায় কোনো মামলা করতে পারেননি। পুলিশও ধরতে পারেনি ছিনতাইকারীদের।
শুধু আবদুল হালিম নন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনাও ঘটছে। হরতাল-অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত হয়ে পড়ায় সুযোগ পেলেই লোকজনের সর্বস্ব কেড়ে নিচ্ছে ছিনতাইকারীরা। এসব ঘটনায় থানায় কয়েকটি মামলা হলেও পুলিশি ঝামেলার কারণে অনেকেই মামলা করেন না। আর মামলা হলেও পুলিশ ধরতে পারছে না ছিনতাইকারীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল-অবরোধে ককটেল, পেট্রলবোমা নিক্ষেপসহ দুর্বৃত্তদের ধরতে দিন-রাত মাঠে রয়েছে পুলিশ। পুলিশ পিকেটারদের দমনে ব্যস্ত হয়ে পড়ায় সুযোগ পেলেই কখনো অস্ত্রের ভয় দেখিয়ে, কখনো ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা।
২ ডিসেম্বর নগরে ওয়াসা জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে হেলাল ও পারভেজ নামের দুই যুবকের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। একই দিন নগরের কালুরঘাট হামিদচর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খোয়ান প্রথম আলো চট্টগ্রামের প্রেস বাইন্ডার নজরুল ইসলাম।
এ ছাড়া ১৬ নভেম্বর নগরের পাহাড়তলীর অলংকার মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন আবুল বশর (৪০) নামের এক পথচারী এবং ১ ডিসেম্বর একই এলাকায় শাহাদাত হোসেন নামের এক পথচারী।
ছিনতাইকারীদের কবল থেকে অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে গোলাম মোস্তফা (৬০) নামের এক বৃদ্ধের।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ‘গত ২১ নভেম্বর ঢাকা থেকে আসা এক ব্যবসায়ীর সর্বস্ব কেড়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীদের ধাওয়া দিলে এক বৃদ্ধকে ছুরিকাঘাত করে তারা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, ‘বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। বাড়ানো হয়েছে টহলও। জামিনে আসা ছিনতাইকারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।’