হরতাল-অবরোধে মুছে যাচ্ছে কৃষকের হাসি
এক সপ্তাহের ব্যবধানে কমে গেছে ধানের দাম। বিভিন্ন জাতের ধানের দাম মণপ্রতি ৩০ থেকে ৫০ টাকা কমে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। লাগাতার হরতাল আর অবরোধের কারণে মোকামগুলোতে চালের সরবরাহ না থাকায় ধানের বাজার কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রোববার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ হাটে গিয়ে কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয়। তাঁরা ধান বিক্রি করতে এসে ধানের বাজার কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার কোলগ্রামের কৃষক জসিম উদ্দিন, চামরুল গ্রামের আবদুল মতিনসহ বেশ কয়েকজন জানান, গত বছর রোপা আমন ধানের বাজারের চেয়ে এবার মণপ্রতি ১০০ টাকা বেশি হওয়ায় কৃষকেরা খুশি হয়েছিলেন। কিন্তু কয়েক দিন ধরে ধানের বাজার মণপ্রতি ৪০-৫০ টাকা কমে গেছে। এর পরও রবিশস্য রোপণ এবং ঋণের টাকা পরিশোধ করতে কম দামে ধান বিক্রি করছেন। এভাবে ধানের দাম কমতে থাকলে শুধু মজুতদারেরাই লাভবান হবেন।
চাতাল ব্যবসায়ী নাজমুল আরেফিন বলেন, ‘এক সপ্তাহ আগে স্বর্ণা জাতের ধানের দাম ছিল মণপ্রতি ৭৬০ টাকা। এখন দাম ৭১০ টাকা। গুটি স্বর্ণা জাতের ধান ৭২০ টাকা থেকে ৬৭০ টাকায় নেমে এসেছে। কয়েক দিন আগেও লাল পাইজাম জাতের ধান ৯৩০ টাকা দরে কিনেছি। এখন নেমেছে ৮৯০ টাকায়। হরতাল-অবরোধের কারণে দেশের কোনো মোকামে চাল যাচ্ছে না। এক সপ্তাহে চালের আড়তে কোনো কেনাবেচাও নেই।’
উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, উপজেলায় ১৩ হাজার ২০০ হেক্টর জমিতে এবার ধানের চাষ হয়। পুরো মৌসুমে নিয়মিত বৃষ্টি হওয়ায় ধানের ফলনও ভালো পেয়েছেন কৃষকেরা। লক্ষ্যমাত্রার চেয়েও ১২ হাজার মেট্রিক টন চাল বেশি উৎপাদন হবে। মেসার্স ঢাকা রাইচ এজেন্সির মালিক ফরিদ মোল্লা বলেন, হরতালের কারণে গত এক সপ্তাহে কোনো চাল মোকামে পাঠানো যায়নি। উপজেলা বণিক সমিতির সভাপতি আজিমুদ্দিন প্রামাণিক বলেন, এ মৌসুমেও মোকাম থেকে প্রতিদিন ৩০-৩৫ ট্রাক চালবোঝাই হয়ে বিভিন্ন মোকামে পাঠানো হয়েছে। কিন্তু গত এক সপ্তাহে এক ট্রাক চালও পাঠানো হয়নি।