হরতাল-অবরোধে শিম চাষিরা ক্ষতির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের কারণে ভোলার শিমচাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন। তাঁদের হিসাবে, এভাবে চলতে থাকলে লাভ তো দূরের কথা, উৎপাদন ব্যয়ের অর্ধেকও উঠবে না। গত বুধবার সরেজমিনে পরিদর্শন করে এই চিত্র পাওয়া গেছে।
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মর্কতারা জানান, অধিক লাভজনক হওয়ায় কৃষকেরা এ বছর সবজি চাষে ঝুঁকেছেন। গত বছর যেখানে চার হাজার ৫৭০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, এ বছর সেখানে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে। অস্বাভাবিক জোয়ারের কারণে এ বছর অধিকাংশ কৃষক আমন আবাদ করতে পারেননি। কর্মকর্তারা আরও জানান, ভোলায় এ বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। কারণ বিগত বছরগুলোতে কৃষকেরা ভোলার বিখ্যাত কাঁথা শিম উৎপাদন করে খরচের দুই থেকে তিন গুণ লাভ করছেন।
ভোলা সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের জামাল উদ্দিন জমাদ্দার বলেন, ‘১০ বছর ধরে আমি কাঁথা শিমের চাষ করছি। গত বছর প্রতি কেজি শিম বিক্রি করেছি ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত; লাভ করেছি এক লাখ ৪০ হাজার টাকা। এ বছর শুরুই হয়েছে ২০ টাকা কেজি দর দিয়ে। বর্তমানে শিমের কেজি মাত্র ১০ টাকা; তা-ও স্থানীয় বাজারে অল্প অল্প করে বিক্রি করতে হচ্ছে। যা উৎপাদনের শতকরা এক ভাগ; বাকি শিম পেকে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে শিম বিক্রি করলে লাভ চোখে পড়ে না। সংসার খরচে সব চলে যায়।’
চরফ্যাশনের জিন্নাগড়ের ফারুক মিয়া বলেন, ‘শিম বেইচ্চা এইবার লাভ করোন লাখবো না, পথের ফকির অইতো অইবো।’ জামাল উদ্দিনের মতো একই কথা বলেন, কোড়ালিয়া গ্রামের শিমচাষি মো. ইউনুস মাতব্বর, তাজউদ্দিন, ইদ্রিস বিশ্বাস, সিডু মাঝি, হাবু বিশ্বাস ও সাদেক মল্লিক। তাঁদের মতে, এক হেক্টর জমিতে শিম চাষ করলে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়। অগ্রহায়ণের শুরুতে শিম বিক্রি শুরু হয়। হেক্টরে সব মিলিয়ে ৯-১০ লাখ টাকার শিম বিক্রি হওয়ার কথা। বিগত বছরে এই হারেই লাভ হয়েছে। কিন্তু এ বছর হেক্টরপ্রতি খরচ আগের মতো হলেও এক লাখ টাকার শিমও বিক্রি করা সম্ভব হয়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘কৃষক ঋণ করে টাকা খরচ করে বসে আছে লাভের আশায়। অথচ এখন তারা উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না। হরতাল-অবরোধের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানাব।’