হরতাল-অবরোধে সখীপুরের পোলট্রিশিল্প হুমকির মুখে
লাগাতার হরতাল, অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে টাঙ্গাইলের সখীপুরে পোলট্রিশিল্প মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। লোকসান গুনতে গুনতে ইতিমধ্যে ব্রয়লার মুরগির প্রায় ৫০০ খামার বন্ধ হয়ে গেছে। আরও সাড়ে ৩০০ খামার বন্ধ হওয়ার পথে।
এ অবস্থা চলতে থাকলে কয়েক মাসের মধ্যে এই শিল্পের সঙ্গে জড়িত সখীপুরের ২০ থেকে ২৫ হাজার পরিবার পথে বসে পড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ব্রয়লার ৮৫০টি ও লেয়ার মুরগির ৭২০টি খামার রয়েছে।
সখীপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন মিজানুর রহমান জানান, সখীপুর থেকে প্রতি সপ্তাহে দেড় কোটি ডিম ঢাকায় বিক্রি করা হয়। এসব ডিমের বড় ভোক্তা হচ্ছেন পোশাকশ্রমিকেরা। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু পোশাক কারখানা বন্ধ হওয়ায় ডিমের বাজার কিছুটা পড়ে যায়। অবরোধে সরবরাহ কমে যাওয়ায় মুরগির খাদ্যের দাম বেড়ে গেছে। এতে লেয়ার খামারিরা প্রতিদিন বিপুল লোকসান গুনছেন।
টাঙ্গাইল জেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি সাঈদ আজাদ বলেন, ‘পোলট্রিশিল্পের রাজধানী নামে পরিচিত সখীপুরে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে খামারগুলো ভয়াবহ খাদ্যসংকটের মুখে পড়েছে। আবার শৈত্যপ্রবাহের কারণে ডিম উৎপাদন কমে গেছে। সবকিছু মিলিয়ে দেড় মাস ধরে সখীপুরের প্রতিটি খামারে দৈনন্দিন লোকসান গুনতে হচ্ছে।’
সমিতির পরিসংখ্যান থেকে সাঈদ আজাদ আরও জানান, শুধু সখীপুরেই গত এক মাসে লেয়ার খামারিরা ১০০ কোটি টাকার লোকসান দিয়েছেন।
উপজেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি ও সবুজ প্রোটিন কমপ্লেক্সের মালিক নজরুল ইসলাম খান বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে খামার করেছি। এখন লাভ তো দূরের কথা, লোকসান দিয়েই সারতে পারছি না।’
স্থানীয় এ আলী পোলট্রি খামারের স্বত্বাধিকারী আরিফুল হক বাদশার খামারে আট হাজার লেয়ার মুরগি আছে। তিনি বলেন, কৃষিসহ অন্যান্য খাতে সরকার ভর্তুকি দিলেও পোলট্রিশিল্পের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে। পোলট্রিশিল্পের দিকে সরকার মনোযোগ না দিলে এই শিল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে।
সখীপুর উপজেলার সবচেয়ে বড় পোলট্রি খামার মনি পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী লিয়াকত আলী বলেন, ‘আমার খামারে বর্তমানে ১৫ হাজার লেয়ার মুরগি আছে। খাদ্যের দাম বেশি এবং ডিমের দাম কম হওয়ায় দেড় মাস ধরে আমার প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা গচ্চা যাচ্ছে।’
সখীপুরের পোলট্রিখাদ্যের ব্যবসায়ী আবদুল গফুর বলেন, এক মাস আগে যে খাদ্যের বস্তা ছিল এক হাজার ৬০০ টাকা, ট্রাক ভাড়া বেশি হওয়ায় এখন তা হয়েছে এক হাজার ৮০০ টাকা।
ওষুধ ব্যবসায়ী ও খামারের মালিক আহাম্মদ আলী বলেন, সখীপুরের বিভিন্ন খামারির কাছে মুরগির নানা ওষুধ বাবদ প্রায় ৩৫ লাখ টাকা বাকি পড়েছে। খামারিরা লোকসানের মুখে পড়ায় কেউই বকেয়া পরিশোধ করছে না।
উপজেলার চতলবাইদ গ্রামের আবু হানিফ বলেন, ‘আমার ব্রয়লার খামারটি লোকসানের মুখে পড়ায় সব মুরগি বিক্রি করে দিয়ে খামার বন্ধ করে দিয়েছি। আমার জানামতে, অনেকেই খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।’