৪ নভেম্বর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু ওই দিন থেকেই বিরোধী দল তিন দিনের অবরোধ বা হরতালের মতো কর্মসূচির সিদ্ধান্ত নেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসন। এ জন্য তারা পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা বিঘ্ন হয় এমন কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরে এক জনসভায় ৪ নভেম্বর জেএসসি পরীক্ষা থাকায় ওই দিন হরতাল না দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার্থীদের স্বার্থে রাজনৈতিক কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। কোমলমতি এসব শিক্ষার্থীর জীবনের প্রথম পাবলিক পরীক্ষার স্বার্থে ৪, ৫ ও ৬ নভেম্বরের কর্মসূচি তুলে নিন।’
গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘রাজনৈতিক হানাহানির কারণে আমাদের এ প্রজন্মের সন্তানেরা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে না—এটি অমানবিক হবে। তাদের মধ্যে দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের প্রতি ঘৃণা জন্মাবে। এ সর্বনাশের খেলা বন্ধ হওয়া প্রয়োজন।’
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে অবরোধ বা হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল। আজ শুক্রবার এই কর্মসূচি ঘোষণা করার কথা। ওই খবর প্রকাশের পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। উল্লেখ্য, এবার জেএসসি ও জেডিসিতে মোট পরীক্ষার্থী প্রায় ২০ লাখ।
জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। তাই সবার প্রতি অনুরোধ রাখব, তাঁরা যেন পরীক্ষা বিঘ্ন হয় এমন কোনো কিছু না করেন।’
সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর ও ডিসেম্বর মাস পরীক্ষার মাস। কিন্তু এবার রাজনৈতিক অস্থিরতায় জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী, বার্ষিক ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।