হরতাল অযৌক্তিক, ফর্মুলা থাকলে সংসদে তুলে ধরুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতালকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো ‘ফর্মুলা’ থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার জন্য বিরোধী দলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, এ বিষয়ে হরতাল ডাকার কোনো যৌক্তিকতা নেই। তারা উচ্চ আদালতের রায় মানবে না। এটা মানা উচিত। তাদের কোনো ফর্মুলা থাকলে সংসদে এসে বলুক, কীভাবে সমস্যার সমাধান করা যায়। সংসদের দ্বার সব সময় উন্মুক্ত। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বক্তব্যের শুরুতে কিছুটা রসিকতার সুরে বলেন, ‘হরতাল পরিবেশবান্ধব। গাড়িঘোড়া নেই, ধুলাবালি নেই, শব্দ নেই। এ জন্য বিরোধীদলীয় নেতাকে অভিনন্দন জানাই। তবে হরতালের নামে গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও আর মানুষের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া কখনোই কাম্য নয়।’ তিনি বলেন, ‘তারা (বিরোধী দল) সমঝোতায় এলে মাসে একটা দিন হরতাল ডাকতে পারেন। সেদিন কোনো গাড়ি চলবে না। শুধু রিকশা চলবে। রিকশাচালকেরাও কিছু বাড়তি আয় করতে পারবেন।’প্রধানমন্ত্রী পরিবেশ বিষয়ে বলেন, বিশ্ব যত উন্নত হচ্ছে, পরিবেশ তত দূষণ হচ্ছে। আধুনিক কৃষিব্যবস্থায় পরিবেশ দূষিত হয়। কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবহূত হয়। ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে ভারসাম্য নষ্ট হয়, ভূমিকম্পের ঝুঁকি থেকে যায়। তিনি ভূমির ওপরের এবং বৃষ্টির পানি ব্যবহারের জন্য সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, ‘সব সময় কারখানাগুলো ইটিপি চালায় না। আমরা যখন লোক পাঠাই, তখনই ইটিপি চালানো হয়। পরিবেশ রক্ষায় সব সময় ইটিপি চালাতে হবে।’ তিনি শব্দদূষণ রোধে অহেতুক ভেঁপু (হর্ন) বাজানো বন্ধে পরিবেশ অধিদপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ হরতাল দেওয়ায় বিরোধী দলের সমালোচনা করে বলেন, ‘তারা হরতাল ডেকে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।’পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। পরিবেশদূষণ রোধে জাতীয় পরিবেশ পদক পেয়েছে ইওএস টেক্সটাইল মিলস লিমিটেড। পরিবেশগত শিক্ষা ও প্রচারে জাতীয় পরিবেশ পদক পেয়েছে সুন্দরবন সমর্থক কমিটি।এরপর ২০১১ ও ২০১০ সালে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেসবাহ-উল-আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম। পরে প্রধানমন্ত্রী সেখানে পরিবেশ মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারদলীয় সাংসদ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শান্তি পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ: বাসস জানায়, গতকাল রোববার রাতে বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি আবদুর রাজ্জাক এমপির নেতৃত্বে বিশ্ব শান্তি পরিষদের ৩৭ জন প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন।