হরতাল-আতঙ্ক নিয়ে ঢাকায় ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটিতে যারা বাড়ি গেছে, তারা ফিরতে শুরু করেছে রাজধানীতে। ছবিটি সদরঘাট টার্মিনাল থেকে গতকাল সকালে তোলা প্রথম আলো
ঈদের ছুটিতে যারা বাড়ি গেছে, তারা ফিরতে শুরু করেছে রাজধানীতে। ছবিটি সদরঘাট টার্মিনাল থেকে গতকাল সকালে তোলা প্রথম আলো

ঈদের ছুটিতে যাঁরা বাড়িতে গিয়েছিলেন, জীবিকার তাগিদে তাঁরা আবার ঢাকায় ফিরছেন। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে।হরতাল-আতঙ্কে অনেকে পরিবার-পরিজন বাড়িতে রেখে একাই এসেছেন। একই আতঙ্কে অনেকে ছুটি শেষ হওয়ার আগেই ফিরেছেন। কিন্তু বাস, ট্রেন ও লঞ্চ থেকে নেমে বাসায় যাওয়ার জন্য যানবাহন না পেয়ে অনেককে দুর্ভোগে পড়তে হয়। ঈদের পর ফাঁকা রাজধানীতে বাসসহ অন্যান্য যান চলাচল এমনিতেই কম। তার ওপর আজ মঙ্গলবার থেকে জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের কারণে গতকাল যান চলাচল আরও কমে যায়। দুপুরে গাবতলী টার্মিনাল ও কল্যাণপুরে গিয়ে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। কল্যাণপুরে কুষ্টিয়া থেকে ফেরা সরকারি চাকুরে রেজাউর রহমান বলেন, ‘ঈদের পরপরই এমন হরতালের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে গিয়েছিলাম। হরতালের কারণে পরিবারের সদস্যদের বাড়িতে রেখে এসেছি। হরতালের পর আবার সরকারি ছুটি আছে। সেই ছুটিতে বাড়ি যাব। ঈদের আমেজ কাটিয়ে এরপর সবাইকে নিয়ে ঢাকায় ফিরব।’

পরিবার-পরিজন নিয়েও ফিরেছেন অনেকে। তাঁদের একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনিরুল ইসলাম। খুলনা থেকে আসা মনিরুল বলেন, ‘হরতালের এ ঝামেলা কবে শেষ হবে কে জানে? তাই স্ত্রী-সন্তান নিয়ে আগেই ঢাকায় চলে আসছি।’

মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালেও ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। তবে গন্তব্যে যাওয়ার যানবাহনের সংকটে অনেককে দীর্ঘক্ষণ টার্মিনাল এলাকায় আটকে থাকতে হয়।

কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার ইমতিয়াজ হোসেন বলেন, ‘দক্ষিণাঞ্চল থেকে সারা দিনে আমাদের সাতটি বাস ঢাকায় এসেছে। কয়েকটিতে যাত্রীসংকট ছিল। লোকজন ভয়ে ঢাকায় আসেনি। আবার সন্ধ্যার পর আমরা বাস ছাড়ছি না। সব মিলিয়ে আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে।’

হানিফ পরিবহনের কাউন্টারের বিক্রয় নির্বাহী মাহি আহমেদ বলেন, ‘হরতালের কারণে আজ (সোমবার) সন্ধ্যার পর আমাদের কোনো বাস ঢাকা ছাড়ছে না।’

জামায়াত প্রথমে হরতাল ডেকেছিল ১২ ও ১৩ আগস্ট। পরে তা ১৩ ও ১৪ আগস্ট করা হয়। ফলে ঈদে বাড়ি যাওয়া এবং ঈদ শেষে ঢাকায় ফেরা নিয়ে বিড়ম্বনায় পড়েন মানুষ।

কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, হরতালের কথা ভেবে অনেকেই গতকাল ট্রেনে করে ঢাকায় ফিরেছেন। ফলে প্রতিটি ট্রেনেই যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, গতকাল ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ঢাকার সদরঘাট নদীবন্দরে ৭৬টি লঞ্চ এসেছে। প্রায় সব লঞ্চেই অতিরিক্ত যাত্রী ছিল। নদীবন্দরের টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে বেরিয়েই মানুষ গন্তব্যে যাওয়ার যানবাহন-সংকটে পড়ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যান না পেয়ে অনেকে মালামাল নিয়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

ভোলা থেকে আসা এমভি টিপু লঞ্চের যাত্রী হালিম শেখ জানান, সকাল আটটার দিকে সদরঘাট টার্মিনালে এসেছেন। গাবতলী যাবেন। কিন্তু সিএনজিচালিত অটোরিকশার চালক ভাড়া চাইছে ৭০০ টাকা। রাগে ভ্যানে করে গুলিস্তানে যাচ্ছেন। সেখান থেকে বাসে উঠবেন।

বরিশাল থেকে আসা রাশেদা বেগম জানান, সকাল সাতটার দিকে টার্মিনালে এসেছেন। মাদারটেক যাবেন। কিন্তু তিন ঘণ্টা অপেক্ষা করেও অটোরিকশা না পেয়ে হেঁটে বাহাদুর শাহ পার্কের সামনে গিয়ে বাসে উঠবেন।

লঞ্চে ভান্ডারিয়া থেকে আসা ইলিয়াস পাটোয়ারী বলেন, ঈদ মৌসুমে সদরঘাট টার্মিনালে ব্যবহার করা যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সদরঘাট থেকে বিআরটিসির বাসের ব্যবস্থা করা দরকার ছিল।

সদরঘাটের নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, ‘ঈদ শেষে ফেরা লঞ্চের যাত্রীদের জন্য সদরঘাট এলাকায় পর্যাপ্ত যাত্রীবাহী বাসের ব্যবস্থা করার জন্য বন্দর কর্তৃপক্ষ একাধিকবার বাসমালিকদের অনুরোধ জানিয়েছে।’