হরতাল সংলাপের ক্ষেত্রে বাধা নয়: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

হরতাল বা অবরোধ সংলাপের ক্ষেত্রে কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ  আশরাফ।
বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, ‘আমাদের আমন্ত্রণ এখনো অব্যাহত আছে। আমরা তাঁর (খালেদা জিয়া) জন্য অপেক্ষায় আছি, তিনি কবে আসবেন। আশা করি, যেদিন তিনি সুবিধা পাবেন, সেদিনই আসবেন। সংলাপের রাস্তা সব সময় খোলা। হরতাল ও অবরোধ আলোচনার ক্ষেত্রে কোনো বাধা নয়।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামী জানুয়ারিতে নতুন সরকার আসবে। আর বিরোধী দল কোনো ইম্পসিবল (অসম্ভব) অবস্থা সৃষ্টি করলে সেটা কীভাবে পসিবল (সম্ভব) করতে হয়, তা আমাদের জানা আছে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘হরতাল-অবরোধ মোকাবিলা আমাদের কাছে মেজর (মূল) ইস্যু নয়। আমাদের মূল ইস্যু হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়।’

সৈয়দ আশরাফ বলেন, সংঘাত-অরাজকতা কখনো সমাধান আনে না। অতীতেও সংলাপের মাধ্যমে সংকটের নিরসন হয়েছে। বর্তমানেও আলোচনার মাধ্যমে সংকটের নিরসন হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে লিখিত বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বৈধ-অবৈধ উপায়ে দেশে নব্য ধনিক শ্রেণীর উদ্ভব ঘটেছে। তারাই এখন মিডিয়ার মালিক। এক পত্রিকা আরেক পত্রিকাকে কীভাবে আক্রমণ করছে, সংবাদকর্মীরা কষ্ট করে লিখছেন। তাঁদের অনুভূতি, কষ্ট কখনো মালিকপক্ষের কাছে পৌঁছায় না। তিনি আরও বলেন, সমবায়ীরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের আওতা দিন দিন বাড়ছে।

বাইরের লোক এসে সমবায়ীদের ওপর খবরদারি করার কঠোর সমালোচনা করেন আশরাফ। এ বিষয়ে সংশ্লিষ্ট সমবায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যাণ সমবায় সমিতি, জিয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি, মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, কলিগ্রাম বসুন্ধরা মহিলা সমবায় সমিতি, কাম টু সেভ বহুমুখী সমবায় সমিতি, মনাটেক যাদুগানালা মত্স্য চাষ বহুমুখী সমবায় সমিতি, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, দিয়ারা কুঞ্জনগর পুরুষ বিত্তহীন সমবায় সমিতি, বিজয়পুর রুদ্রপাল মৃিশল্প সমবায় সমিতি এবং বাঘাবাড়ি ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০১১ তুলে দেন সৈয়দ আশরাফুল ইসলাম। পরে সমবায়ের উপকারিতা নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।