হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালে মৃত্যুর ঘটনায় হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা হবে।
গতকাল সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, হরতাল আহ্বানকারী ও তাঁদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলা করার পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সরকারদলীয় কয়েকজন সাংসদ হরতালে মৃত্যুর ঘটনায় হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে কি না, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। খালেদা জিয়া খুনের আসামি। তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। মামলা করবেন কি না?’ মহীউদ্দীন খান বলেন, বিরোধী দল বিদেশি প্রভুদের নির্দেশে হরতাল করছে। তাদের দাবি অযৌক্তিক। এসব হরতালে নিরপরাধ মানুষের মৃত্যুর কারণে হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা প্ররোচনার মামলা করা যায়।
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা: সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানান। পাবনার সাঁথিয়ায় হিন্দু পরিবারের ওপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে।