হরতালের কর্মসূচি এলেই বিপজ্জনক হয়ে উঠছে বগুড়ার প্রথম বাইপাস সড়ক থেকে রংপুর মহাসড়কের মহাস্থান সড়ক এলাকা। কর্মসূচিতে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা ওই সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করছেন।
এরপর মহাসড়কে যানবাহন থামিয়ে চলছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাতের বেলায় যানবাহনে লুটপাটের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজামেঞ্চল হক প্রথম আলোর কাছে সড়কটি বিপজ্জনক হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি। অচিরেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, শহরের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাইরের সড়কে এসব নাশকতার ঘটনা ঘটছে। হরতালের আগের রাতে যানবাহনে লুটপাটের ঘটনাও ঘটছে।
সদর থানা পুলিশ জানায়, শহরের প্রথম বাইপাসের বনানী, ছিলিমপুর, চারমাথা, বারপুর, মাটিডালি মোড় এবং বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া, ঠেঙ্গামারা, বাঘোপাড়া, গোকুল ও মহাস্থান এলাকার ১০ কিলোমিটারে হরতালের দিন এবং তার আগের দিন রাতে নাশকতা করছে পিকেটারেরা। এই এলাকাগুলো জামায়াত-বিএনপি-নিয়ন্ত্রিত এলাকা হিসেবে চিহ্নিত।
চলমান ৮৪ ঘণ্টার হরতালের আগের দিন শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সড়কের গোকুল ও মহাস্থান এলাকায় ২৫টি যানবাহন ভাঙচুর এবং বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, পিকেটাররা হরতারলের আগের রাত থেকেই মহাসড়কে প্রতিবন্ধকতা শুরু করে। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও টায়ার জ্বালিয়ে উল্লাস করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, এসব নাশকতার সঙ্গে জোটের কেউ জড়িত নয়। কিছুসংখ্যক অতি উৎসাহী যুবক এসব করতে পারে।