হরতাল ঘিরে বিএনপি জামায়াতের ৩৭ নেতা-কর্মী আটক
হরতালে নাশকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় বরিশাল, চট্টগ্রাম ও বরগুনা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৩৭ জন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল এবং সমাবেশ করেন। কয়েকটি স্থানে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কর্মসূচি পণ্ড করে দেন।একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে আজ রোববার সকাল ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল ডাকে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: হরতালের সমর্থনে গতকাল নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করে দলীয় কার্যালয়ে ফিরে যান।আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি সামসুল আলম, আবদুস সাত্তার, নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে।এ ছাড়া হরতালের সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক প্রস্তুতি সভা গতকাল জেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে হয়।এদিকে গত শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরের এনায়েতবাজার, বাটালি রোড ও জুবিলী রোড এলাকা থেকে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত সোমবার কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদানের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। হরতাল সামনে রেখে তাঁদের গ্রেপ্তার করা হয়নি।অন্যদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল হরতালবিরোধী পৃথক মিছিল বের করে। মন্ত্রী আফছারুল আমীনের সমর্থকেরা দোস্ত বিল্ডিং থেকে এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা দারুল ফজল মার্কেট চত্বর থেকে মিছিল বের করেন।বরিশাল: হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা বিকেলে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষিপ্তভাবে মিছিল করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ ও মিছিল থেকে পুলিশ নয়জন নেতা-কর্মীকে আটক করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন।রাতে কাউনিয়া থানার পুলিশ বিএনপির সাত নেতা-কর্মী ও বিমানবন্দর থানার পুলিশ তিন নেতা-কর্মীকে আটক করে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান, জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান, নগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুলহাস উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম।বরগুনা: হরতালে নাশকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন এমন আশঙ্কায় গত শুক্রবার রাতে বরগুনা জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন তালতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, আমতলী পৌর যুবদলের দপ্তর সম্পাদক জাকির হোসেন ও আমতলী পৌর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল।জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, হরতাল ও বিরোধী দলের আন্দোলন বানচাল করতে সরকার তাঁদের নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করছে।