ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথেই থাকতে হবে। কারণ, অতীতে অন্য পদ্ধতিতে সরকার পরিচালনায় ফল ভালো হয়নি। গণতন্ত্রের স্বার্থেই আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে হবে।দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে গতকাল শনিবার সাংবাদিকদের কাছে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। তিনি আমেরিকান ক্লাবে ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সেমিনারে উদ্বোধনী অধিবেশনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।হরতালের ব্যাপারে মার্কিনবিরোধিতার প্রসঙ্গ টেনে মজীনা বলেন, ‘আমি হরতাল ঘৃণা করি। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের হরতালের বিকল্প খুঁজে নিতে উৎসাহ জোগাই।’ তিনি বলেন, ‘হরতাল অনেক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ, হরতাল হলে ওই দিন খাবারের সংস্থান করাটা খেটে খাওয়া মানুষের জন্য দুরূহ হয়ে পড়ে। তাই সব রাজনীতিবিদের প্রতি আমার অনুরোধ, হরতালের বিকল্প হিসেবে তাঁরা এমন পথ খুঁজে বের করবেন, যাতে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে না পড়ে।’যুক্তরাষ্ট্র সংলাপের কথা বলছে। অথচ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, এ নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবির পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে। এ পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনাটা কোথায়—এ প্রশ্নের জবাবে মজীনা বলেন, ‘ইতিমধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হয়তো আপনি জানেন না, কিংবা আমি জানি না। তবে আমার বিশ্বাস, অনানুষ্ঠানিক পর্যায়ে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে লোকজন কথা বলতে শুরু করেছেন। এভাবেই হয়তো বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করার প্রক্রিয়া এগিয়ে যাবে।’এর আগে ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংগঠনের নির্বাহী পরিচালক শামারুখ মহিউদ্দীন। ২৫ থেকে ৪৫ বছর বয়স্ক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা এ সেমিনারে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিল্পোদ্যোক্তা, বিভিন্ন পেশাজীবী ও এনজিও প্রতিনিধি।