হরতাল চলছে খাগড়াছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার ছাত্রদল নেতা রবিউল আওয়াল হত্যার প্রতিবাদে, অপহৃত গৃহবধূ ফাতেমাকে উদ্ধার ও জেলা পরিষদের শিক্ষক নিয়োগ–প্রক্রিয়া বাতিলের দাবিতে এ হরতাল ডাকা হয়।

বাঙালি ছাত্র পরিষদ এবং সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এই হরতালের ডাক দিয়েছে। হরতালের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত খাগড়াছড়ি সদরে তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি রয়েছে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির।

আজ সকালে শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটারদের হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। সকাল আটটার দিকে পিকেটিং করার সময় পুলিশ দুজনকে আটক করেছে। তবে এ কর্মসূচিতে শিক্ষক নিয়োগ–প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।