হরতাল-চিত্র নিয়ে পুলিশের ভাষ্য
পুলিশের কর্তব্যে বাধা, রাস্তা অবরোধ, যানবাহন-দোকানপাট ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগে গতকাল হরতাল চলাকালে ১৬৭ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হরতাল-সমর্থকদের হামলায় পুলিশের ১৬ জন সদস্য আহত হন। হরতাল চলাকালে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। গতকাল রোববার রাতে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত শনিবার সন্ধ্যায় বিজয়নগর এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ছয় পুলিশ-সদস্য আহত হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্বাসের নির্দেশে হরতালের আগে গতকাল ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।পুলিশের বক্তব্যে বলা হয়, সকাল নয়টায় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও প্রতিপক্ষকে আক্রমণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা করা হয়। এ ঘটনায় চার পুলিশ-সদস্য আহত হন।সকাল সোয়া সাতটার দিকে কারওরান বাজারে পেট্রোবাংলা কার্যালয়সংলগ্ন সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করা হয়। সেখানে নেতৃত্ব দেন এম এ মান্নান ও আহমেদ আজম খান। এ সময় কিছু রিকশা ভাঙচুর করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে উপস্থিত আহমেদ আজম খান ও এম এ মান্নান পুলিশকে হুমকি দেন ও গালিগালাজ করেন।