হরতাল ডাকতে পারে চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বহাল রাখার দাবিতে হরতালের মতো কর্মসূচি দেওয়ার আভাস দিয়েছে বিএনপিসহ চারদলীয় জোটের শরিকেরা। আজ বুধবার পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলামী এ কর্মসূচি ঘোষণা করতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি জুনের প্রথম সপ্তাহে হরতাল আহ্বান করা হতে পারে। তবে চার দলের শরিকেরা এক মঞ্চে না এসে যুগপৎভাবে হরতালের ঘোষণা ও হরতাল পালনে ভূমিকা রাখার পক্ষে।এ বিষয়ে গত রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে চার দলের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘হরতাল আসতে পারে, তবে তারিখ নির্দিষ্ট হয়নি।’ বিজেপির মহাসচিব শামীম আল মামুন প্রথম আলোকে বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, একই কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা করা হবে এবং শরিক দলগুলো এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির একজন নেতা প্রথম আলোকে জানান, ‘বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ আরও কিছু বিষয়ে সরকারবিরোধী কর্মসূচি পালন করার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে হরতাল, অবরোধ, লংমার্চের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।’ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ) বেলা তিনটায় সংবাদ সম্মেলনে আমরা আমাদের কর্মসূচির কথা জানাব।’ এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক করা হবে বলে তিনি জানান।