হরতাল ডাকলেও নাশকতার অবস্থান নেই জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াতে ইসলামী হরতাল ডাকলেও নাশকতা চালানোর মতো তাদের অবস্থান নেই। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর নজরদারিতে রেখেছে। নাশকতার চেষ্টা করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার নওহাটায় নবগঠিত ৩৭ আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন ও জেলা সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আপিল বিভাগে জামায়াতের নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিবাদে এবং মুজাহিদসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে দলটি।
মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে আসাদুজ্জামান খান বলেন, রিভিউ ও রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার প্রক্রিয়া শেষে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
গ্রাম উন্নয়নে আনসার সদস্যদের প্রশংসা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ভাতা বাড়ানোসহ সব জটিলতা কাটিয়ে আনসার বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে।
নওহাটা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন ও উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল এ কে এম আসিফ ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন, মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন প্রমুখ।