‘আজ তোমাদের ছুটির দিন ছিল। হরতাল ডেকে তোমাদের ছুটি কেড়ে নেওয়া হয়েছে। তোমাদের কাছে একজন রাজনীতিবিদ হয়ে আমি দুঃখ প্রকাশ করছি।’ হরতালের কারণে শুক্রবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় গতকাল সিলেটের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের সান্ত্বনা দেওয়ার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। গতকাল সকালে শিক্ষামন্ত্রী সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী বাইরে অপেক্ষমাণ পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি পরীক্ষা শুরুর আগে থেকে একটি আহ্বানই করে আসছিলাম, অন্তত পরীক্ষা চলাকালে হরতাল না দেওয়ার জন্য। আজ যারা পরীক্ষা দিচ্ছে, তারা কোনো না কোনো রাজনৈতিক নেতার সন্তান। তাঁরা নিজেরাই নিজেদের সন্তানদের পিছিয়ে দিচ্ছেন।’ শিক্ষামন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘রাজনৈতিক দলগুলো পরীক্ষা চলাকালে হরতাল ডেকে দায়িত্বহীনতার পরিচয় দিলেও পরীক্ষার্থীরা বাড়তি পরিশ্রম করে সেই ক্ষতি পুষিয়ে দিচ্ছে। এ জন্য তাদের জন্য আমার শুভকামনা রইল।’ শিক্ষামন্ত্রীর পরিদর্শনকালে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব উপস্থিত ছিলেন। তরুণদের প্রতিবাদে একাত্মতা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থানরত তরুণদের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গত বৃহস্পতিবার রাতে অবস্থান কর্মসূচিতে গিয়ে একাত্মতা প্রকাশ করে দেওয়া বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘তরুণেরা আজ রাস্তায় নেমে প্রমাণ করেছে, তাঁরা চায় যুদ্ধাপরাধীর কলঙ্কমুক্ত বাংলাদেশ। আমরা আমাদের তরুণ-শিক্ষার্থীদের সবার আগে দেশপ্রেমিক হিসেবে দেখতে চাই।’