হরতাল ডেকে জীবনযাত্রা পর্যুদস্ত করলে সর্বাত্মক ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রশিবিরের ডাকা আগামীকাল বুধবারের হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বেআইনিভাবে হরতাল ডেকে যারা জীবনযাত্রা পর্যুদস্ত করবে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের স্নাতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরণ ও একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি বলেন, আজ যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে দেশ ও জাতির হাল ধরবে। কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম প্রমুখ।