হরতাল ডেকে মাঠে নেই জামায়াতের নেতা-কর্মীরা
‘গোপন বৈঠক’ করার প্রস্তুতিকালে সিলেট জেলা উত্তর জামায়াতের আমির আনোয়ার হোসেন খান ও সেক্রেটারি ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুই নেতার মুক্তির দাবি করে জামায়াত ইসলামী গতকাল বুধবার সিলেটে হরতাল আহ্বান করলেও মাঠে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহামঞ্চদ আয়ুব প্রথম আলোকে জানান, ওই দুই নেতা গোপন বৈঠক করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ বৈঠক শুরুর আগেই দুজনকে আটক করে। দুজনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অন্তত ১২টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দুই নেতাকে আটক করার প্রতিবাদে জেলা জামায়াত আজ বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। মঙ্গলবার রাত নয়টায় এ হরতালের ঘোষণা দেওয়া হয়। জেলা জামায়াতের প্রচার সম্পাদক গোলজার আহমদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল আহ্বানের বিষয়টি প্রচার করলেও গতকাল জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মীকে হরতালের সময়ে দেখা যায়নি।